ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তামিম ইকবাল মানেই চার-ছয়ের ফুলঝুড়ি, রানের চাকার দ্রুতগতি। কিন্তু সেই তামিমকে যেন খুঁজেই পাওয়া যায় না আক্রমণাত্মক ব্যাটিংয়ের আদর্শ জায়গা টি-টোয়েন্টি ক্রিকেটে। এই উদ্বোধনী ব্যাটসম্যান অবশ্য জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরচেনা তামিমকেই খুঁজে পাওয়া যাবে। কারণ টি-টোয়েন্টি ক্রিকেট বুঝতে পারছেন তিনি।
শুক্রবার কলম্বোতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এবার আমি অনেক ভালো প্রস্তুতি নিয়েছি। গত কয়েক মাসে ২০টিরও বেশি টি-টোয়েন্টি খেলেছি। এ ধরনের ক্রিকেটে ভালো করতে হলে কী প্রয়োজন সে সম্পর্কে আমার ভালো ধারণা হয়েছে।”
“সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি বিভিন্ন কন্ডিশনে খেলেছি। বিশ্বকাপের আগে শ্রীলঙ্কায় (এসএলপিএল) খেলে যাওয়ার ফলেও ভালো অভিজ্ঞতা হয়েছে,” যোগ করেন তামিম।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে সুপার এইটে উঠলেও পরের দুবার গ্র“প পর্বের বাধা পেরোতে পারেনি বাংলাদেশ। এবার নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে কঠিন গ্র“পে পড়লেও ভালো করার ব্যাপারে আশাবাদী তামিম।
তিনি বলেন, “আমরা একটা ইউনিট হিসেবে খেলছি। আমাদের প্রস্তুতি নিয়েও কোনো অভিযোগ নেই। টিম স্পিরিট খুবই ভালো আর প্রত্যেকেই একে অন্যকে দারুণ সাহায্য করছে। সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আমাদের লক্ষ্য পূরণ না হওয়ার কোনো কারণ নেই।”
এসএলপিএলের উদ্বোধনী আসরে খেলার অভিজ্ঞতা বিশ্বকাপে বেশ কাজে লাগবে বলে মনে করেন তামিম। তিনি বলেন, “এসএলপিএলে খেলে আমার এবং সতীর্থদের আত্মবিশ্বাস বেড়েছে। শ্রীলঙ্কার কন্ডিশন সম্পর্কে ভালো ধারণাও হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০০৩ঘ.
bdnews24