২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপা ভারতের

নবম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে অধিনায়ক উন্মুক্ত চাঁদের অপরাজিত শতকের সৌজন্যে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2012, 03:10 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নবম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে অধিনায়ক উন্মুক্ত চাঁদের অপরাজিত শতকের সৌজন্যে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। ২০০০ ও ’০৮ সালের চ্যাম্পিয়ন ভারতের এটি তৃতীয় শিরোপা। ১৯৮৮, ২০০২ ও ’১০ সালের চ্যাম্পিয়ন স্বাগতিক অস্ট্রেলিয়া এই প্রথম হারলো বিশ্বকাপের ফাইনালে। ২০০৪ ও ’০৬ সালে টানা দুবার শিরোপা জেতা পাকিস্তানের পাশে দাঁড়ানোর সুযোগ হারিয়েছে স্বাগতিকরা। ২০১৪ সালে দশম বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। টাউন্সভিলের টনি আয়ারল্যন্ড স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২২৫ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ৪৭ ওভার ৪ বলে ৪ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় ভারত। লক্ষ্য তাড়া করতে নেমে রানের খাতা খুলার আগেই প্রশান্ত চোপরার বিদায়ে ভারতের শুরুটা ভালো হয় নি। দ্বিতীয় উইকেটে বারা অপরাজিতের (৩৩) সঙ্গে ৭৩ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন উন্মুক্ত। দলীয় ৭৫ রানে অপরাজিতের বিদায়ের পর হনুমা বিহারি (৪) ও বিজয় জুলের (১) দ্রুত বিদায়ে চাপে ভারত। ৯৭ রানে ৪ উইকেট হারানো ভারতকে তৃতীয় শিরোপা এনে দেয়ার কৃতিত্ব উন্মুক্ত ও স্মিত প্যাটেলের (৬২*)। পঞ্চম উইকেটে ১৩০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। ম্যাচ শেষে ১১১ রানে অপরাজিত থাকেন উন্মুক্ত। তার ১৩০ বলের ইনিংসে ৭টি চার ও ৬টি ছক্কা। ব্যাট করতে নেমে ৮ রানেই দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারানো অস্ট্রেলিয়ার শুরুটা মোটেও ভালো হয় নি। তৃতীয় উইকেটে ৩০ রানের জুটি গড়ে দলীয় ৩৮ রানে সাজঘরের পথ ধরেন মেরিক বুকানন (১২) ও কার্টিস প্যাটারসন (১৬)। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পরিণত হয় ৩৮/৪ এ। পঞ্চম উইকেটে ট্র্যাভিস হিডের (৩৭) সঙ্গে ৬৫ রানের ছোট কিন্তু কার্যকর জুটি গড়ে ধাক্কা সামাল দেন অধিনায়ক উইলিয়াম বসিস্টো। দলীয় ১০৩ রানে হিডের রান আউট দিয়ে ভাঙ্গে সাবেক চ্যাম্পিয়নদের জন্য বিপদজনক হয়ে উঠা এ জুটি। ষষ্ঠ উইকেটে অ্যাশটন টার্নারের (৪৩) সঙ্গে ৯৩ রানের আরেকটি কার্যকর জুটি গড়ে দলকে দুশ রানের কাছাকাছি নিয়ে যান বসিস্টো। এরপর আলেক্স গ্রেগরি (৪) ও জুয়েল প্যারিস (০) দ্রুত বিদায় নিলেও বসিস্টোর অপরাজিত ৮৭ রানের সুবাদে লড়াইয়ের পুঁজি গড়ে স্বাগতিকরা। বসিস্টোর ১২০ বলের ইনিংসে ৬টি চার। ৫৪ রানে ৪ উইকেট নিয়ে সন্দীপ শর্মা ভারতের সেরা বোলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৩১৮ ঘ.