ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নতুন কাঠামো বেছে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ৯ স্বাধীন পরিচালকের ছোট কাঠামো নিয়ে শুরু হচ্ছে সিএ’র নতুন যুগ।
মেলবোর্নে বিশেষ সাধারণ সভায় (ইজিএম) ৬ রাজ্যের প্রতিনিধিদের ভোটে আগের কাঠামো বিলুপ্ত করে নতুন কাঠামো বেছে নেয় সিএ। এই সভায় অক্টোবরে ৩ জন স্বাধীন পরিচালককে নিয়োগ দেয়ারও সিদ্ধান্ত নেয়া হয়।
নতুন কাঠামো অনুযায়ী প্রতিটি বোর্ড ভোটে সমানাধিকার পাবে। শতবর্ষেরও বেশি সময় ধরে তিন ‘প্রধান’ রাজ্য নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া ও সাউথ অস্ট্রেলিয়া ভোটের ক্ষেত্রে বাড়তি সুবিধা পেয়ে আসছিল। তার অবসান ঘটলো এর মধ্য দিয়ে।
ইজিএমে বর্তমান পরিচালকদের মধ্য থেকে ছয় জনকে প্রাথমিকভাবে তিন বছরের জন্য মনোনয়ন দেয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও ক্রিকেট অস্ট্রেলিয়ায় দীর্ঘ দিন পরিচালকের দায়িত্ব পালন করা মার্ক টেলরের এই তালিকায় না থাকা বিস্ময়ের জন্ম দিয়েছে। অবশ্য অক্টোবরে নিয়োগ পেতে যাওয়া তিন স্বাধীন পরিচালকের একজন হয়ে ফিরতে পারেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০৩২ঘ.
bdnews24