ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নবম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের উদ্বোধনী দিনে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ৬ উইকেটে ইংল্যান্ডকে, রানার্সআপ পাকিস্তান ১০৯ রানে আফগানিস্তানকে ও জিম্বাবুয়ে ১০৪ রানে পাপুয়া নিউগিনিকে হারিয়েছে।
রোববার দ্বিতীয় দিন ইংল্যান্ড-আয়ারল্যান্ড, ভারত-ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড-স্কটল্যান্ড খেলবে।
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া
টাউন্সভিলের টনি আয়ারল্যান্ড স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৩৮ ওভার ৩ বলে ১৪৩ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। জবাবে ৩৫ ওভার ১ বলে ৪ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক অস্ট্রেলিয়া।
লক্ষ্য তাড়া করতে নেমে ৫৪ রানে ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া অস্বস্তি¡তে পড়ে। তবে পঞ্চম উইকেটে ট্র্যাভিস হেডের (৫৭*) সঙ্গে অধিনায়ক উইলিয়াম বসিস্টোর (৩৫*) ৯৩ রানের অবিচ্ছিন্ন জুটি শেষ পর্যন্ত দলকে সহজ জয় এনে দেয়।
ইংল্যান্ডের পক্ষে রীস টপলে ও জেমি ওভারটন দুটি করে উইকেট নেন।
এর আগে স্বাগতিক বোলারদের মারাত্মক বোলিংয়ে দেড়শ রানের আগেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড। সর্বোচ্চ ৩৫ রান আসে ক্রেইগ ওভারটনের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ রান করা অধিনায়ক অ্যাডাম বেল অপরাজিত থাকেন ২০ রানে।
অস্ট্রেলিয়ার পক্ষে গুরিন্দর সান্ধু ও অ্যাশটন টার্নার ৩টি করে উইকেট নেন। এছাড়া জুয়েল প্যাসির ও মার্ক স্টিকেটি দুটি করে উইকেট নেন।
আফগানিস্তানড়-পাকিস্তান
বুডেরিমের জন ব্ল্যাঙ্ক ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৫৩ রান করে পাকিস্তান। জবাবে ৪৫ ওভার ১ বলে ১৪৪ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।
লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের বোলারদের মারাত্মক বোলিংয়ের সামনে খুব একটা সুবিধা করেত পারেন নি আফগানিস্তানের ব্যাটসম্যানরা। হাসমতুল্লাহ শহিদির ৫০ ও মুহিবুল্লাহ পাকের ৩০ রানের সুবাদে দেড়শর কাছাকাছি যায় দলটি।
৩০ রানে ৪ উইকেট নিয়ে জিয়া-উল-হক পাকিস্তানের সেরা বোলার।
এর আগে অধিনায়ক বাবর আজমের ৭৫, মোহাম্মদ নওয়াজের ৬৬ ও ওমর ওয়াহিদের অপরাজিত ৪৩ রানের সুবাদে আড়াইশ পেরোয় পাকিস্তান।
আফগানিস্তানের পক্ষে সাইদ শিরজাদ ও ইয়ামিন আহমাদজি দুটি করে উইকেট নেন।
জিম্বাবুয়ে-পাপুয়া নিউগিনি
টাউন্সভিলের এন্ডেভার পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ২৪৯ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। সর্বোচ্চ ৯৭ রান করেন উদ্বোধনী ব্যাটসম্যান কেভিন কাসুজা। দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করেন লুক মাসাসিরি।
৪৫ রানে ৫ উইকেট নিয়ে অধিনায়ক ক্রিস্টোফার কেন্ট পাপুয়া নিউগিনির সেরা বোলার।
জবাবে ৩৮ ওভার ১ বলে ১৪৫ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। সর্বোচ্চ ৩৪ রান করেন সেসে বাও। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান আসে কেন্টের ব্যাট থেকে।
জিম্বাবুয়ের পক্ষে লুক জঙ্গউই, পেসমোর জিমওয়া ও ম্যাথু বেন্টলি দুটি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৪৪৫ ঘ.
bdnews24