ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফুসফুসের ক্যান্সারের সঙ্গে লড়াই করে ফেরার পর এবার প্রতিযোগিতামূলক ক্রিকেটেও ফিরছেন যুবরাজ সিং। সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন এই অলরাউন্ডার।
বিশ্বকাপের জন্য ঘোষণা করা এ দলটিই বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ঘরোয়া সিরিজে দু’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। তখনই ক্যান্সার থেকে নিরাময়ের পর প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়ে যেতে পারে অদম্য যুবরাজের।
যুবরাজ এর আগে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে।
দীর্ঘদিন কোনো ম্যাচে না খেললেও গত ছয় সপ্তাহ ধরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এসসিএ) অনুশীলন করছেন যুবরাজ। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়ার পরই নির্বাচক কমিটি তাকে টি-টোয়েন্টির জন্য বেছে নেয়।
প্রধান নির্বাচক কৃষ্ণামাচারী শ্রীকান্ত বলেন, “যুবরাজ ফিট বলে ঘোষিত হওয়ায় আমরা খুবই খুশি। ২০১১ সালের বিশ্বকাপে সে ম্যান অব দ্য সিরিজ হয়েছিল। ভারতে জন্য সে খুবই গুরুত্বপূর্ণ।”
দলে ডাক পাওয়ার পর নিজের প্রতিক্রিয়ায় যুবরাজ বলেন, “আমি নিজেকে বলেছিলাম আমি একদিন ফিরবো এবং ভারতের জন্য খেলবো। এটা করার জন্য আমি দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। যদিও ক্যান্সারের সঙ্গে আমাকে কঠিন লড়াই করতে হয়েছে, কিন্তু আমি বিশ্বাস রেখেছিলাম। কারণ আমি একদিন আবারো মাঠে পা রাখতে চেয়েছিলাম। আজ (শুক্রবার) আমি এই খবরটা পেয়েছি যে আমি আবারো মাঠে পা রাখতে যাচ্ছি। আমি ভীষণ আনন্দিত।”
গত বছরের অক্টোবরে ফুসফুসে ক্যান্সার ধরা পড়ার পর চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান যুবরাজ। সেখানে তিনটি কেমোথেরাপি দেওয়া হয় এই বাঁহাতি অলরাউন্ডারকে। সফল চিকিৎসা শেষে এপ্রিলে দেশে ফেরেন তিনি।
টি-টোয়েন্টির দলে হরভজন সিংয়ের জায়গা পাওয়াটাও চমক সৃষ্টি করেছে। গত বছর ভারতের ইংল্যান্ড সফরের পর জাতীয় দলের হয়ে আর খেলার সুযোগ পাননি ফর্মের সঙ্গে লড়াই করতে থাকা এই স্পিনার।
এ ছাড়াও দলে ফিরেছেন লক্ষ্মীপতি বালাজি ও ইরফান পাঠান। স¤প্রতি ভারতের শ্রীলঙ্কা সফরে ভালো খেলার পুরস্কারও পেয়েছেন ইরফান।
টি-টোয়েন্টির জন্য ভারতীয় দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), গৌতম গম্ভীর, বীরেন্দর শেবাগ, সুরেশ রায়না, বিরাট কোহলি, যুবরাজ সিং, ইরফান পাঠান, রবীচন্দ্রন অশ্বিন, জহির খান, লক্ষ্মীপতি বালাজি, অশোক দিন্দা, রোহিত শর্মা, পিয়ুশ চাওলা, হরভজন সিং, মনোজ তিওয়ারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এসইউ/১৭৫০ ঘ.
bdnews24