ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তানকে নিয়ে দারুণ আশাবাদী আজিম ঘুমমান। দুই বছর আগের বিশ্বকাপে তার নেতৃত্বেই রানার্স আপ হয়েছিলো পাকিস্তান।
অগাস্টে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তানের সম্ভাবনা সম্পর্কে ঘুমমান বলেন, “আমার মনে হয় না দল নির্বাচনে তেমন কোনো ভুল হয়েছে। কিছু দিন আগে এই দলটিই দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে, ভারতের সঙ্গে টাই করেছে। (বিশ্বকাপে) বাবর আজম, উসমান কাদির, সামি আসলাম, জিয়াউল-হকের মতো প্রতিভাবানরা কেমন খেলে, তা দেখতে আমি উদগ্রীব।”
“আমার কাছে মনে হচ্ছে ব্যাটিংই দলের মূল শক্তি। প্রথম ৭ ব্যাটসম্যানের প্রত্যেকে রানের মধ্যে আছে,” যোগ করেন তিনি।
বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৩টি ম্যাচ খেলছে পাকিস্তান।
দুই বারের চ্যাম্পিয়ন পাকিস্তানের বিশ্বকাপে প্রথম ম্যাচ ১১ অগাস্ট, আফগানিস্তানের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২২১ঘ.
bdnews24