ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরোপ সফর শেষে রোববার দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় দল। সাফল্য-ব্যর্থতা মিলিয়ে মুশফিকুর রহিমের দলের অম্ল-মধুর অভিজ্ঞতায় কেটেছে সফরটা।
সফরের প্রথম অংশের অভিজ্ঞতা দুর্দান্ত। আয়ারল্যান্ডকে তাদেরই মাটিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০তে বিধ্বস্ত করে যেন আকাশে উড়ছিলো বাংলাদেশ।
কিন্তু আয়ারল্যান্ড থেকে নেদারল্যান্ডসে গিয়েই ছন্দপতন। স্কটল্যান্ডের কাছে হেরে নেদারল্যান্ডস সফর শুরু। এরপর ডাচদের প্রথম ম্যাচে হারালেও পরেরটি অর্থাৎ ইউরোপ সফরের শেষ ম্যাচে হার মানতে হয়েছে বাংলাদেশকে।
আইসিসির তিন সহযোগী দেশের বিপক্ষে ৬টি টি-টোয়েন্টির ৪টিতে জয়, দুটোতে হার-তেমন উল্লসিত হওয়ার মতো পারফরম্যান্স নয়।
ক্রিকেটাররা উচ্ছ্বসিতও নন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে দুই ঘন্টা অপেক্ষায় রাখার পরও সংবাদ মাধ্যমের সঙ্গে কেউ কথা বলেননি। অবশ্য সবার অভিব্যক্তিতে ধরা পড়ছিলো দীর্ঘ বিমান ভ্রমণের ক্লান্তি।
রোববার মোহাম্মদ আশরাফুল ও জহুরুল ইসলাম আসতে পারেননি। আশরাফুল ইংল্যান্ডের কেন্টের ঘরোয়া ক্রিকেটে খেলার জন্য আসেননি। আর চোখের চিকিৎসার জন্য ইংল্যান্ডেরই ব্রিস্টল গেছেন জহুরুল। দুজনেরই অগাস্টের প্রথম সপ্তাহে দেশে ফেরার কথা।
আসেননি কোচ রিচার্ড পাইবাসও। পরিবারের সঙ্গে সময় কাটাতে ছুটি নিয়ে দক্ষিণ আফ্রিকায় গেছেন বাংলাদেশ দলের কোচ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য ১০ অগাস্ট থেকে শুরু হবে অনুশীলন। তার আগেই পাইবাসের ফেরার কথা।
আর জাতীয় দলের বোলিং কোচ শেন জার্গেনসেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দলকে সাহায্য করতে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৪৩ঘ.
bdnews24