ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টপ অর্ডারের দৃঢ়তায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট বাঁচাতে লড়ছে নিউজিল্যান্ড। চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ১৯৯ রান করেছে দলটি। ৭ উইকেট হাতে নিয়ে ২৮ রানে এগিয়ে দলটি।
অধিনায়ক রস টেলর ১১ ও নেলি ওয়েগনার ৪ রানে ব্যাট করছেন।
জবাব দিতে নেমে ড্যানি ফ্লিনের (২০) সঙ্গে ৪৭ রানের উদ্বোধনী জুটির পর দ্বিতীয় উইকেটে ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে ১২৩ রানের আরেকটি কার্যকর জুটি গড়েন মার্টিন গাপটিল।
তৃতীয় উইকেটে টেলরের সঙ্গে ২৪ রানের জুটি গড়ে দিনের শেষ সময়টি কোনো বিপদ ছাড়াই কাটিয়ে দেয়ার আভাস দিয়েছিলেন ম্যাককালাম (৮৪)। কিন্তু দিনের খেলা শেষ হওয়ার ৪ ওভার আগে তাকে বোল্ড করে স্বাগতিকদের আশা বাঁচিয়ে রাখেন কেমার রোচ।
৬৭ রানে ২ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সেরা বোলার সুনীল নারায়ণ।
এর আগে ৬ উইকেটে ৪৪২ রান নিয়ে দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। শেষ চার উইকেটে আরো ৮০ রান যোগ করেন ১৭১ রানের বড় লিড নেয় স্বাগতিকরা। নরসিং দিওনারায়ণ ৭৯ ও অধিনায়ক ড্যারেন স্যামি ৫০ রান করেন।
১৩৪ রানে ৩ উইকেট নিয়ে ক্রিস মার্টিন নিউজিল্যান্ডের সেরা বোলার।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ৩৫১ ও ১৯৯/৩ ( গাপটিল ৬৭, ফ্লিন ২০, ম্যাককালাম ৮৪, টেলর ১১*, ওয়েগনার ৪*; সুনীল ২/৬৭, রোচ ১/৪৪)
ওয়েস্ট ইন্ডিজ: ৫২২ (গেইল ১৫০, পাওয়েল ১৩৪, ফুদাদিন ৫৫, স্যামুয়েলস ২৮, চন্দরপল ০, দিওনারায়াণ ৭৯, রামদিন ৩, স্যামি ৫০, সুনীল ৪, রোচ ৬*, রামপল ১; মার্টিন ৩/১৩৪, উইলিয়ামসন ২/৪৭, ব্রেসওয়েল ২/৯৬, ওয়েগনার ১/১১২, ভেট্টরি ১/১২৪)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১১০৩ ঘ.
bdnews24