ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লন্ডন অলিম্পিকে অংশ নেয়া ভারতীয় ক্রীড়াবিদদের একটা সহজ কিন্তু ভীষণ জরুরী উপদেশ দিয়েছেন শচীন টেন্ডুলকার। চাপের সঙ্গে লড়াই নয়, বরং চাপকে আলিঙ্গন করার পরামর্শ দিয়েছেন ইতিহাসের সবচেয়ে সফল ব্যাটসম্যান।
ভারতের ‘দ্য হিন্দুস্তান টাইমস’ পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে টেন্ডুলকার বলেন, “নিঃসন্দেহে চাপ সব সময় আপনাদের সঙ্গী। তবে চাপের সঙ্গে লড়াই করা খুবই কঠিন কাজ। আপনাদের শুধু নিজেদের শারীরিক ও মানসিক অবস্থা বুঝে একে আলিঙ্গন করতে হবে।”
“যে কোনো কিছুই বলার চেয়ে করা অনেক কঠিন। কিন্তু আমার বিশ্বাস যখন তারা (ভারতের প্রতিযোগীরা) খেলার জায়গায় প্রবেশ করবেন, তখন সমস্ত চাপ ভুলে যাবেন। তারা তখন শুধু ভালো করার প্রতি মনোনিবেশ করতে চাইবেন,” যোগ করেন টেস্ট-ওয়ানডে দুটোরই সর্বোচ্চ রান ও শতকের মালিক।
জনসংখ্যার বিবেচনায় অলিম্পিকে ভারতের তেমন সাফল্য নেই। ২০০৮ বেইজিং অলিম্পিকে মাত্র ৩টি পদক জিতেছিলো প্রায় ১২০ কোটি মানুষের ভারত। শূটার অভিনব বিন্দ্রা বেইজিংয়েই ভারতকে অলিম্পিকে প্রথম ব্যক্তিগত সোনা উপহার দিয়েছিলেন। এছাড়া কুস্তিতে সুশীল কুমার ও বক্সিংয়ে বীজেন্দর সিং ব্রোঞ্জ পেয়েছিলেন।
লন্ডনে ভারত কেমন করবে তা নিয়ে টেন্ডুলকার অবশ্য উদ্বিগ্ন নন। তিনি বলেন, “কোনো ধরনের লক্ষ্য নির্ধারণ করে দেয়ার মতো ব্যক্তি আমি নই। সারা পৃথিবী সেখানে (অলিম্পিকে) জয়ের চেষ্টা করে এবং মাত্র একজন বিজয়ী হয়। ব্যাপারটা এত সহজ নয়। তবে হ্যাঁ, আমাদের দলে বিজয়ীরাও আছেন।”
“আমি পুরো ভারতীয় দলকে একটা কথাই শুধু জানাতে চাই। তা হলো আমরা আপনাদের পাশে আছি। আপনারা সফল হোন বা না হোন, আপনাদের প্রচেষ্টাই আমাদের কাছে সবচেয়ে বড়। আর তাই আপনারা সব সময় আমাদের কাছে নায়ক থাকবেন,” যোগ করেন সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৫০ঘ.
bdnews24