২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হার দিয়ে শেষ ইউরোপ সফর

হার দিয়ে শেষ হল বাংলাদেশের ইউরোপ সফর। ব্যাটসম্যানদের ব্যর্থতায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসের কাছে ১ উইকেটে হেরেছে মুশফিকুর রহিমের দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2012, 12:10 PM

Updated : 24 Aug 2022, 11:48 AM

ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হার দিয়ে শেষ হল বাংলাদেশের ইউরোপ সফর। ব্যাটসম্যানদের ব্যর্থতায় দ্বিতীয় টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসের কাছে ১ উইকেটে হেরেছে মুশফিকুর রহিমের দল। ডাচদের এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজ শেষ হল ১-১ সমতায়। তিন দিনের মধ্যে সহযোগী দেশের সঙ্গে এটি বাংলাদেশের দ্বিতীয় হার। এর আগে মঙ্গলবার স্কটল্যান্ডের কাছেও হেরেছিল বাংলাদেশ। দি হেগের স্পোর্টসপার্ক ওয়েস্টভিলিয়েটে টস জিতে ব্যাট করতে নেমে তামিম ইকবালের অর্ধশতকের পরও ১২৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে মাইকেল সোয়ার্টের অর্ধশতকের সুবাদে শেষ বলে ৯ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় নেদারল্যান্ডস। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ২৫ রানে দুই উইকেট হারায় নেদারল্যান্ডস। তৃতীয় উইকেটে অধিনায়ক পিটার বোরেনের (১৬) সঙ্গে ৩৪ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দেন সোয়ার্ট। এরপর টম ডি গ্র“থ (৭), এরিক শোয়ারজিনিস্কি (২) ও মুদাসসর বুখারি (৭) দ্রুত বিদায় নিলেও স্বাগতিকদের স্বপ্ন বাঁচিয়ে রাখেন সোয়ার্ট। দ্রুত ৩ উইকেট হারিয়ে রান রেটে পিছিয়ে পড়লেও সাকিব আল হাসানের করা ১৬তম ওভারে ১৫ রান নিয়ে খেলায় চালকের আসনে নিয়ে আসেন নেদারল্যান্ডসকে। পরের ওভারেই সোয়ার্টকে (৬১) ফিরিয়ে দিয়ে অতিথিদের খেলায় ফেরান সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ। সোয়ার্টের ৪৯ বলের ইনিংসটি ৪টি চার ও ২টি ছক্কা। আব্দুর রাজ্জাকের করা শেষ ওভারে জয়ের জন্য ১০ রান প্রয়োজন ছিল স্বাগতিকদের। প্রথম ৩ বলে ২ রান নিলেও চতুর্থ বলে টিম ভ্যান ডার গুটেন ছক্কা হাঁকিয়ে দলকে নিয়ে যান জয়ের দোর গোড়ায়। ২ বলে ২ রান প্রয়োজন এমন সময় গুটেন (১২) এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন। শেষ বলে নেদারল্যান্ডসের এগারো নম্বর ব্যাটসম্যান আহসান মালিক চার মেরে দলকে দারুণ জয় এনে দেন। বাংলাদেশের পক্ষে রাজ্জাক, শফিউল ইসলাম ও সাকিব দুটি করে উইকেট নেন। এর আগে ব্যাট করতে নেমে অতিথিদের শুরুটা মোটেও ভালো হয়নি। দলীয় ৮ রানে সাজঘরের পথ ধরেন অধিনায়ক মুশফিকুর রহিম (২), সাকিব আল হাসান (০) ও জুনায়েদ সিদ্দিক (০)। চতুর্থ উইকেটে মাহমুদুল্লাহ রিয়াদের (৪১) সঙ্গে ৫২ ও পঞ্চম উইকেটে জিয়াউর রহমানের (২২) সঙ্গে ৩৬ রানের দুটি জুটি গড়ে ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন তামিম। টানা দ্বিতীয় অর্ধশতকে পৌঁছানোর পরপরই তামিমও (৫০) বিদায় নিলে বড় একটা ধাক্কা খায় বাংলাদেশ। তার ৪৬ বলের ইনিংসে ২টি চার ও ১টি ছক্কা। শেষ দুই ওভারে তামিমসহ ৫ উইকেট হারিয়ে সংগ্রহ আরো বড় করার সুযোগ হারায় বাংলাদেশ। তামিম, মাহমুদুল্লাহ ও জিয়া ছাড়া অতিথিদের আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের কোঠায় পৌঁছাতে পারেন নি। ১৮ রানে ৩ উইকেট নিয়ে নেদারল্যান্ডসের সেরা বোলার অস্ট্রেলিয়া জন্ম নেয়া পেসার টিম ভ্যান ডার গুটেন। এছাড়া মুদাসসর বুখারী ও মাইকেল সোয়ার্ট দুটি করে উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১০৯ ঘ.