ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিসিবি জানিয়েছে, নেদারল্যান্ডসের বিপক্ষে বাড়তি একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। ইউরোপ সফরে বুধবার দি হেগে বাংলাদেশ স্বাগতিক নেদারল্যান্ডসের বিপক্ষে পঞ্চম ম্যাচ খেলবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।
পরদিন বৃহস্পতিবার একই মাঠে আরেকটি টি-টোয়েন্টিতে আবার ডাচদের মুখোমুখি হবে মুশফিকুর রহিমের দল। ঐ ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬ টায়।
নেদারল্যান্ডসের বিপক্ষে দুটি ওয়ানডে খেললেও এর আগে কখনো টি-টোয়েন্টি খেলেনি বাংলাদেশ।
গত বিশ্বকাপে সহজে জিতলেও দু বছর আগে প্রথম লড়াইয়ে বাংলাদেশ হেরে গিয়েছিলো।
এ পর্যন্ত ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে নেদারল্যান্ডস। পিটার বোরেন অধিনায়ক হওয়ার পর ১৮ ম্যাচের ১১টিতেই জিতেছে তারা।
অন্যদিকে বুধবার ডাচদের বিপক্ষে ২৩তম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। মুশফিকুর রহিম অধিনায়ক হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশও ভালো খেলছে। আয়ারল্যান্ডকে তিন ম্যাচেই হারিয়ে আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে। যদিও মঙ্গলবার হেরে গেছে স্কটল্যান্ডের কাছে।
র্যাংকিংয়ে থাকার জন্য সর্বশেষ দুই বছরের মধ্যে অন্তত আটটি ম্যাচ খেলতে হয় একটি দলকে। র্যাংকিংয়ের হিসাব ১ অগাস্ট পর্যন্ত প্রযোজ্য।
আগের সূচী অনুযায়ী আগামী ১ অগাস্ট পর্যন্ত বাংলাদেশের ৭টি টি-টোয়েন্টি খেলার কথা ছিলো। তাই র্যাংকিংয়ের বাইরে চলে যেতে হতো আবার। তবে নেদারল্যান্ডসের সঙ্গে বাড়তি ম্যাচটির কারণে বাংলাদেশের আর সেই আশঙ্কা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩১৫ঘ.
bdnews24