ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়ানডে ও টি-টোয়েন্টির পর ক্রিস গেইল টেস্ট দলেও ফেরায় দারুণ খুশি ড্যারেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের বিশ্বাস, গেইলের প্রত্যাবর্তনের ফলে উদ্বোধনী জুটি নিয়ে সমস্যা দূর হয়ে যাবে তার দলের।
বুধবার থেকে অ্যান্টিগায় শুরু হতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড দুই ম্যাচ সিরিজের প্রথমটি। ২০১০ সালের ডিসেম্বরের পর এটাই গেইলের প্রথম টেস্ট। গত দেড় বছরে তার অনুপস্থিতিতে ক্যারিবীয়দের উদ্বোধনী জুটি নিয়ে অনেক যন্ত্রণা সইতে হয়েছে।
এই সময়ে ৫ জন ওয়েস্ট ইন্ডিজের হয়ে ইনিংসের গোড়াপত্তন করার সুযোগ পেয়েছেন টেস্টে। কিন্তু তাদের কেউই তেমন সুবিধা করে উঠতে পারেননি। ক্যারিবীয়দের সর্বশেষ ৩১টি টেস্ট ইনিংসে পঞ্চাশোর্ধ্ব উদ্বোধনী জুটি মাত্র তিনটি। এই বছরে তো আরো দুরবস্থা। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে দুটো সিরিজে উদ্বোধনী জুটির গড় মাত্র ১৪.৪৫।
গেইলের জন্য সুখবর, টেস্টে ফিরেই ‘প্রিয়’ প্রতিপক্ষকে পাচ্ছেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষেই তার টেস্ট গড় (৭৪.৫৪) সবচেয়ে বেশি। টেস্ট ক্রিকেটে গেইলের ফেরা প্রসঙ্গে স্যামি বলেন, “এটা খুবই রোমাঞ্চকর ঘটনা। আমি জানি সে টেস্টেও ভালো ভাবে ফিরতে উদগ্রীব।”
“উদ্বোধনী জুটি নিয়ে আমরা তেমন স্বস্তিতে ছিলাম না। আশা করি গেইলের অভিজ্ঞতা আমাদের নতুন বলেও বড় জুটি গড়তে সাহায্য করবে,” যোগ করেন তিনি।
স্যামি আরো বলেন, “নতুন বলে গত বছর আমাদের ভীষণ ভুগতে হয়েছে। গেইল তার অভিজ্ঞতা তরুণদের মধ্যে ছড়িয়ে দিতে পারবে।”
সর্বশেষ ১০টি টেস্ট সিরিজের মধ্যে মাত্র একটিতে জিততে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৪৩ঘ.
bdnews24