ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোমবার বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে ডাকওয়ার্থ / লুইস পদ্ধতিতে নর্দার্ন ক্রিকেট ইউনিয়ন সভাপতি একাদশকে ৫৭ রানে হারিয়েছে বাংলাদেশ।
এর আগে একই মাঠে প্রথম প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড একাদশকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে খেলবে অতিথিরা।
কম্বারের দ্য গ্রিনে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৪ রান করে বাংলাদেশ। সভাপতি একাদশের ব্যাটিংয়ের ১৩ ওভার ২ বলের মাথায় বৃষ্টি শুরু হলে এরপর আর খেলা সম্ভব হয়নি। এ সময় স্বাগতিকরদের স্কোর ছিল ৬১/৫।
ব্যাট করতে নেমে মোহাম্মদ আশরাফুল শুরু থেকে দেখে শুনে খেললেও স্বভাব সুলভ আক্রমণাত্মক ছিলেন তামিম ইকবাল। ২২ বলে ২৪ রান করে তামিমের বিদায়ের পর তিন নম্বরে খেলতে নামেন এই ম্যাচে িিঅত দলের অধিনায়ক মাহমুদুল্লাহ।
দ্বিতীয় ম্যাচে অধিনায়ক মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, শফিউল ইসলাম ও মাশরাফি বিন মর্তুজাকে বিশ্রাম দেয় বাংলাদেশ।
দ্বিতীয় উইকেটে আশরাফুলের সঙ্গে ৬৫ রানের জুটি গড়ে বাংলাদেশকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন মাহমুদুল্লাহ। দলীয় ৯৯ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ২৭ বলে ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৩ রান করেন তিনি।
এক রান পরেই শূন্য হাতে নাসির হোসেন বিদায় নিলে বড় একটা ধাক্কা খায় অতিথিরা। তবে জিয়াউর রহমান (১১ বলে ২২), জহুরুল ইসলাম (৫ বলে ৯) ও জুনায়েদ সিদ্দিকের (৩ বলে অপরাজিত ১২) আক্রমণাত্মক ব্যাটিংয়ে শেষ পর্যন্ত দেড়শ পেরোয় বাংলাদেশ।
উদ্বোধনী ব্যাটসম্যান আশরাফুল শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৫২ রানে। তার ৪৯ বলের ইনিংসে ৪টি চার।
৪৩ রানে ২ উইকেট নিয়ে কিড স্বাগতিক দলের সেরা বোলার।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারানো সভাপতি একাদশ কখনোই জেতার মতো অবস্থা তৈরি করতে পারেনি। অ্যান্ড্রু হোয়াইটের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ১৯* রান। এছাড়া জে শ্যানন ১৬ ও এল নেলসন ১৪ রান করেন।
৭ রানে ২ উইকেট নিয়ে ইলিয়াস সানি বাংলাদেশের সেরা বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০৩৬ ঘ.
bdnews24