২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-পাকিস্তান ওয়ানডে সিরিজ ডিসেম্বরে

২০০৭ সালের শেষ দিকে পাকিস্তানের ভারত সফরের পর এই প্রথম চির প্রতিদ্বন্দ্বী দেশদুটি দ্বি-পাক্ষিক সিরিজে খেলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 11:19 AM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের মাটিতে ডিসেম্বর-জানুয়ারীতে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। ২০০৭ সালের শেষ দিকে পাকিস্তানের ভারত সফরের পর এটাই হতে যাচ্ছে চির প্রতিদ্বন্দ্বী দেশ দুটির প্রথম দ্বি-পাক্ষিক সিরিজ। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কার্যনিবার্হী কমিটির সোমবারের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে। বিসিসিআইর জেষ্ঠ কর্মকর্তা রাজীব শুক্লা জানিয়েছেন, “চেন্নাই, দিল্লি ও কলকাতায় তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি দুটি আহমেদাবাদ ও ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত হবে।” “ভারত-পাকিস্তানের দ্বি-পাক্ষিক সিরিজ নিরপেক্ষ ভেন্যুতে না খেলার ব্যাপারে দৃঢ় ছিল বিসিসিআই। ইংল্যান্ড টি-টোয়েন্টি সিরিজ খেলে যাওয়ার পর ২২ ডিসেম্বর পাকিস্তানকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে,” যোগ করেন তিনি। তিনি বলেন, “সিরিজের জন্য এটাই একমাত্র ফাঁকা সময় ছিলো, আমরা তা কাজে লাগিয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি জানিয়েছেন, মন্ত্রণালয়ের কোনো আপত্তি নেই। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই সফরের ব্যাপারে সম্মতি দিয়েছে।” ইংল্যান্ডের ভারত সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজের মাঝামাঝি সময়ে বড়দিনের বিরতিতে এই সিরিজ অনুষ্ঠিত হবে। ২০০৮ সালে মুম্বাই হামলার পর থেকে দেশ দুটির দ্বি-পাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ হয়ে যায়। তবে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে। দীর্ঘ সময় ধরে দুই বোর্ডের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে এবং পরে দুই দেশের সরকার পর্যায়ে আলোচনার পর দ্বি-পাক্ষিক সিরিজ শুরুর এই ঘোষণা এলো। আবার ক্রিকেটীয় সম্পর্ক শুরুর ব্যাপারে বিসিসিআই সভাপতি এন শ্রীনিবাসন ও পিসিবি সভাপতি জাকা আশরাফ চলতি বছর বেশ কয়েকবার বৈঠক করেছেন। এ বছরের শেষ নাগাদ ইংল্যান্ডের ভারত সফরের বিরতিতে ওয়ানডে সিরিজ দিয়ে দ্বি-পাক্ষিক সিরিজ শুরুর ব্যাপারে আশাবাদী ছিল পাকিস্তান। আইসিসির এজিএমের ফাঁকে দুই বোর্ডের এক বৈঠক শেষে আশরাফ জানান, সিরিজ শুরুর ব্যাপারে প্রস্তুত পাকিস্তান। তবে শ্রীনিবাসন বলেছিলেন, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই তিনি এ ব্যাপারে কোনো প্রতিশ্র“তি দিতে পারবেন। হিসেব অনুযয়ী এবার দ্বি-পাক্ষিক সিরিজে পাকিস্তানের স্বাগতিক হওয়ার কথা ছিল। কিন্তু ২০০৯ সালের মার্চে সফরকারী শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর থেকে কোনো আন্তর্জাতিক দল পাকিস্তান সফর করছে না। নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানের বিপক্ষে খেলতেও আগ্রহী নয় ভারত। সিরিজ কখন হবে এবং কে আয়োজন করবে সে ভার ভারতের ওপর ছেড়ে দিয়েছিলেন আশরাফ। তবে সিরিজ থেকে আয়ের একটি অংশ ভারত বোর্ডের কাছে চেয়েছে পিসিবি। ২০০৯ সালে ভারত পূর্ব নির্ধারিত সফর বাতিল করার ধাক্কা এখনো পিসিবি কাটিয়ে উঠতে পারেনি। এর আগে এ বছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে পাকিস্তানের ঘরোয়া চ্যাম্পিয়ন শিয়ালকোট স্ট্যালিয়ন্সকে আমন্ত্রণ জানিয়ে ক্রিকেটীয় সম্পর্ক উন্নতির আভাস দেয় ভারত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসইউ/১৭১১ ঘ.