২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেলরের শতকের পরও সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

অধিনায়ক রস টেলরের শতকের পরও চতুর্থ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২৪ রানে হেরেছে নিউজিল্যান্ড। এ জয়ের ফলে ৫ ম্যাচের সিরিজ নিশ্চিত করে ৩-১ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2012, 05:38 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অধিনায়ক রস টেলরের শতকের পরও চতুর্থ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২৪ রানে হেরেছে নিউজিল্যান্ড। এ জয়ের ফলে ৫ ম্যাচের সিরিজ নিশ্চিত করে ৩-১ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা। সোমবার একই মাঠে পঞ্চম ও শেষ ওয়ানডেতে খেলবে দল দুটি। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৫ বলে ২৬৪ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৪৯ ওভার ৩ বলে ২৪০ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী ব্যাটসম্যান রব নিকোলের ৩৫ রানের পরও ৭৫ রানে ৪ উইকেট হারিয়ে অস্বস্তি¡তে পড়ে অতিথিরা। পঞ্চম উইকেটে টম লাথামের (৩২) সঙ্গে টেলরের ৭১ রানের জুটি ধাক্কা সামাল দেয়। দলীয় ১৪৬ রানে লাথামের বিদায়ের পর প্রায় একাই খেলতে হয়েছে চোট কাটিয়ে এই ম্যাচেই ফেরা টেলরকে। দলীয় ২৩৭ রানে নবম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে টেলর করেন ১১০ রান। এটি তার ষষ্ঠ শতক। তার ১১৫ বলের ইনিংসে ৬টি চার ও ৫টি ছক্কা। ২০ রানে ২ উইকেট নিয়ে মিতব্যয়ী বোলিংয়ের কারণে ম্যাচ সেরা সুনীল নারায়ণ। রবি রামপলের বদলে খেলা টিনো বেস্ট ৪৬ রানে নেন ৪ উইকেট। এর আগে ব্যাট করতে নেমে ক্রিস গেইলের ১৬ রানের পরও ২০ রানে প্রথম তিন ব্যাটসম্যান সাজঘরের পথ ধরলে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ভালো হয়নি। চতুর্থ উইকেটে ডোয়াইন ব্রাভোর (১৮) সঙ্গে ৩৯ ও পঞ্চম উইকেটে কাইরন পোলার্ডের সঙ্গে ৪৬ রানের ছোট কিন্তু কার্যকর দুটি জুটি গড়ে ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন মারলন স্যামুয়েলস (৪৬)। দীনেশ রামদিনের বদলে খেলতে নেমে ক্যারিয়ার সেরা ৩৭ রান করার পথে ষষ্ঠ উইকেটে পোলার্ডের সঙ্গে ৮৫ রানের গুরুত্বপূর্ণ এক জুটি গড়েন ডেভন থমাস। দলীয় ১৯০ রানে তার বিদায়ের পর অবশ্য বেশিক্ষণ টেকেন নি পোলার্ডও (৫৬)। তার ৭০ বলের ইনিংসে ৫টি চার ও ১টি ছক্কা। এরপর অধিনায়ক ড্যারেন স্যামি (২২ বলে ২৬) ও আন্দ্রে রাসেলের (১৬ বলে ২৯) দুটি আক্রমণাত্মক ইনিংসের সুবাদে আড়াইশ পেরোয় ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডের পক্ষে জ্যাকব ওরাম ও টিম সাউদি ৩টি করে উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০৯৫৩ ঘ.