ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়া ঘরোয়া টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনিগাডসের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি অফস্পিনার মুত্তিয়া মুরালিধরন।
৪০ বছর বয়সী মুরালি মেলবোর্নে আবারো দেখা পেতেন পুরনো প্রতিদ্বন্দ্বি অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের। মেলবোর্ন স্টারসের হয়ে আবারো খেলতে পারেন ওয়ার্ন, যদিও এখনো পর্যন্ত তা নিশ্চিত হয় নি।
এর আগে ২০০৯ সালে ভিক্টোরিয়ার হয়ে বিগ ব্যাশে খেলার কথা ছিল মুরালির। কিন্তু শ্রীলঙ্কার আন্তর্জাতিক ক্যালেন্ডারের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় সেবার নিজেকে প্রত্যাহর করে নেন তিনি। তারপর এই প্রথম অস্ট্রেলিয়ার ঘরোয়া আসরে খেলতে যাচ্ছেন তিনি।
এ ব্যাপারে মুরালি বলেন, “আমি অস্ট্রেলিয়ায় একটি মৌসুম খেলতে চেয়েছিলাম। অন্য দিকে মেলবোর্ন রেনিগেডসের সেই সুযোগ ছিল। আমি সেই সুযোগটিই নিয়েছি।”
“গত মৌসুমে আমি নিউজিল্যান্ডে বসে বিবিএল দেখেছি। এখানে উঁচু মানে ক্রিকেটাররা খেলেন এবং ভালো প্রতিদ্বন্দ্বীতাও হয়,” যোগ করেন তিনি।
তিনি বলেন, “ক্রিস গেইলের বিপক্ষে এখানে খেলা দারুণ একটি ব্যাপার হবে। কারণ, তিনি টি-টোয়িন্টির সেরা ব্যাটসম্যানদের একজন।”
“শেন ওয়ার্ন অসাধারণ একজন বোলার, আমি সব সময়ই তার প্রশাংসা করে এসেছি। দুজনই যার যার দলে অবদান রাখার চেষ্টা করবো,” যোগ করেন তিনি।
উল্লেখ্য, গেইল এখনো কোনো দলের সঙ্গে চুক্তি করেন নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১৫৭ ঘ.
bdnews24