২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কামরান আকমলকে পিসিবির তলব

ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে হারিয়ে যেতে বসা পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক কামরান আকমলকে তলব করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 03:15 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে হারিয়ে যেতে বসা পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক কামরান আকমলকে তলব করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি কমিটি। বুধবার পিসিবির ইন্টেগ্রিটি কমিটি জেরা করবে তাকে। এ প্রসঙ্গে পিসিবির মুখপাত্র নাদিম সারোয়ার জানিয়েছেন, “কামরানকে কমিটি তলব করেছে। তাকে কিছু কাগজপত্র জমা দিতে হবে।” একটি সূত্র থেকে জানা গেছে, কামরানকে তার সম্পদ ও ব্যাঙ্ক হিসাবের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ইন্টেগ্রিটি কমিটির ছাড়পত্র না থাকায় গত ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই পাকিস্তান দলের বাইরে থাকতে হচ্ছে কামরানকে। যদিও আগামী সেপ্টেম্বর-অক্টোবরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ৩০ জনের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন তিনি। গত বছর ইংল্যান্ডের আদালতে স্পট-ফিক্সিংয়ের বিচার চলার সময় কামরানের নামও শোনা গিয়েছিলো। তবে আদালত বা আইসিসি তাকে এ ব্যাপারে তলব করেনি। ২০১০ সালে সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তানের বিস্ময়কর হারে ইচ্ছা করে খারাপ খেলার অভিযোগ উঠেছিলো কামরানের বিরুদ্ধে। ঐ টেস্টে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক মাইক হাসির তিন-তিনটি ক্যাচ ছেড়ে দিয়েছিলেন তিনি। গত বিশ্বকাপে শোয়েব আক্তারের এক ওভারে দুবার নিউজিল্যান্ডের রস টেলরের ক্যাচ ফেলার পর জাতীয় দলে আর সুযোগ পাননি কামরান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১১৩ঘ.