ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিলকরতেœ দিলশান ও কুমার সাঙ্গাকারার শতকে মসৃণ গতিতে সামনের দিকে এগিয়ে চলা শ্রীলঙ্কা চতুর্থ দিন শেষ বেলায় চার জনকে হারিয়ে খানিকটা অস্বস্তিতে। তবু কলম্বোতে দ্বিতীয় টেস্ট ড্রয়ের দিকেই এগোচ্ছে বলা যায়। দিনশেষে স্বাগতিকদের প্রথম ইনিংসের সংগ্রহ ৫ উইকেটে ২৭৮ রান।
ফলোঅন এড়াতে বুধবার শেষ দিনে আরো ৭৪ রান প্রয়োজন শ্রীলঙ্কার। তবে প্রথম চার দিনে মাত্র ১১ উইকেটের পতনই বলে দিচ্ছে, ব্যাটিং-স্বর্গ সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ফলাফল আসা প্রায় অসম্ভব।
পাকিস্তানের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে সাঙ্গাকারা। টেস্টে ৩০তম শতকের দেখা পাওয়া শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক ১৪৪ রানে অপরাজিত। ২৫৪ বলের ইনিংসটিতে ১৪টি চার।
মঙ্গলবার ১ উইকেটে ৭০ রান নিয়ে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। আগের দিনের ৫৯ রানের অবিচ্ছিন্ন জুুটিকে এ দিন ২২৫ পর্যন্ত টেনে নিয়ে যান দিলশান ও সাঙ্গাকারা। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় উইকেটে এটাই শ্রীলঙ্কার সর্বোচ্চ জুটি। আগের রেকর্ডটি ছিল ১৯৮২ সালে ফয়সালাবাদে সিদাথ ওয়েটেমুনি ও রয় ডায়াসের ২১৭ রান।
দিলশানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে পাকিস্তানকে প্রথম সাফল্য এনে দেয়ার কৃতিত্ব জুনায়েদ খানের। ১৯৫ বলে ১৩টি চারের সাহায্যে ১২১ রান করেন দিলশান। এটি তার চতুর্দশ টেস্ট শতক।
দিলশানের বিদায়ের পর শূন্য হাতে বিদায় নেন স্বাগতিকদের অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে ও থিলান সামারাবীরা । দিনের শেষ ওভারে আউট হয়ে যান সুরাজ রানদিভও।
বৃষ্টির কারণে মঙ্গলবারও ২০ ওভার খেলা নষ্ট হয়েছে।
৩ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান: ৫৫১/৬ ডিক্লে. (হাফিজ ১৯৬, তৌফিক ৬৫, আজহার ১৫৭, ইউনুস ৩২, মিসবাহ ৬৬* আসাদ ২, আদনান ৫, রেহমান ১৮*; হেরাথ ৩/১৬৪, ম্যাথিউস ১/৫৫, রানদিভ ১/১৩১)
শ্রীলঙ্কা: ২৭৮/৫ (পারানাভিতানা ০, দিলশান ১২১, সাঙ্গাকারা ১৪৪*, জয়াবর্ধনে ০, সামারাবীরা ০, রানদিভ ৫; জুনায়েদ ৩/৫৬, রেহমান ১/৫০, আজমল ১/৭৭)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০০৫ঘ.
bdnews24