ঢাকা, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শুরুতে গেইল ঝড়, শেষে ডোয়াইন ব্রাভো বিস্ফোরণ আর সুনীল নারায়ণের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে জেতার জন্য খেলা শুরুর আগেই দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৬১ রানে হেরেছে নিউজিল্যান্ড।
এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল ওয়েস্ট ইন্ডিজ। কিংস্টনে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দুই দলের ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ।
ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৭৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৮ ওভার ৪ বলে ১১৬ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।
লক্ষ্য তাড়া করতে নেমে মার্টিন গাপটিলের ১৮ রানের পরও ৪৩ রানে ৫ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে নিউজিল্যান্ড।
এই ধাক্কা সামলে আর খেলায় কখনোই ফেরা সম্ভব হয়নি দলটির। চোটের কারণে অধিনায়ক রস টেলরসহ একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই খেলতে নামা নিউজিল্যান্ড শেষ পর্যন্ত অসহায় আত্মসমপর্ণেই বাধ্য হয়।
সর্বোচ্চ ২২ রান আসে ড্যানিয়েল ফ্লিনের ব্যাট থেকে।
১২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা সুনীল ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে সফলতম।
এর আগে কাইল মিলসের করা প্রথম ওভারে দুই ছক্কা হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজের আক্রমণাত্মক ব্যাটিংয়ের শুরু করেন ডোয়াইন স্মিথ (১৩)। দ্বিতীয় ওভারের প্রথম বলেই তিনি বিদায় নিলেও জনসন চার্লসের (৩৬) সঙ্গে সিরিজ সেরা গেইলের ৭২ রানের জুটি ওয়েস্ট ইন্ডিজকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়।
তৃতীয় উইকেটে লেন্ডল সিমন্সের (১৮) সঙ্গে ৩১ রানের জুটি গড়ে দলীয় ১১৭ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন গেইল। ৩৯ বলে ৩টি চার ৪টি ছক্কার সাহায্যে ৫৩ রান করেন গেইল। ৭ রান পর তাকে অনুসরণ করেন সিমন্সও।
এরপর ১১ বলে ১টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ব্রাভোর অপরাজিত ৩৫ রানের ইনিংস ওয়েস্ট ইন্ডিজকে লড়াইয়ের পুঁজি এনে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০৯২২ ঘ.
bdnews24