২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ব্যর্থতার ময়নাতদন্ত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ দল বিদায় নিয়েছে গ্র“প পর্ব থেকে। রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই ব্যর্থতার কারণ ব্যাখ্যা করেন গেম ডেভেলপমেন্টের ভারপ্রাপ্ত নির্বাচক, অনূর্ধ্ব-১৯ দলের তিন নির্বাচক, কোচ ও অধিনায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2012, 03:34 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ দল বিদায় নিয়েছে গ্র“প পর্ব থেকে। রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই ব্যর্থতার কারণ ব্যাখ্যা করেন গেম ডেভেলপমেন্টের ভারপ্রাপ্ত নির্বাচক, অনূর্ধ্ব-১৯ দলের তিন নির্বাচক, কোচ ও অধিনায়ক। সভা শেষে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেন, “ইদানীং অনূর্ধ্ব-১৯ দলের পারফরম্যান্স ভালোই ছিল। এশিয়া কাপেও তাদের ভালো করার ব্যাপারে আমরা আশাবাদী ছিলাম।” “তাই এই টুর্নামেন্টে ব্যর্থতার কারণ তাদের কাছে জানতে চেয়েছি আমরা। সব সমস্যার দ্রুত সমাধান করে বিশ্বকাপে আমরা ভালো করতে চাই,” যোগ করেন তিনি। আগামী মাসে অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হবে। সেজন্য কয়েকটি পরিবর্তনের সিদ্ধান্তের কথাও জানিয়েছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, “কাঠামোগতভাবে বয়সভিত্তিক দলগুলো গেম ডেভেলপমেন্ট বিভাগের অধীনে। এই বিভাগের চেয়ারম্যান বর্তমানে অসুস্থ থাকায় বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরকে বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব দেয়া হয়েছে।” “অবশ্য তিনি একা দায়িত্ব পালন করবেন না, গেম ডেভেলপমেন্ট বিভাগও তার সঙ্গে থাকবে। অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যুক্ত প্রত্যেককে বিশ্বকাপ শেষ না হওয়া পর্যন্ত সার্বক্ষণিক কাজ করার কথা বলা হয়েছে,” যোগ করেন মুস্তফা কামাল। বিশ্বকাপের আগে খুলনায় বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে অনূর্ধ্ব-১৯ দলের কয়েকটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের কথাও জানিয়েছেন তিনি। চেষ্টা চলছে কয়েকটি বিদেশী দলকে নিয়ে আসারও। আগামী জানুয়ারী থেকে জাতীয় দলের ক্রিকেটারসহ আটটি অঞ্চলে ১৫ জন করে ১২০ জনকে চুক্তির আওতায় আনার কথাও জানিয়েছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, “ক্রিকেটারদের এক বছর মেয়াদে তিনটি শ্রেণীতে চুক্তিবদ্ধ করা হবে। এছাড়া ক্রিকেটের উন্নয়নের জন্য প্রতিটি অঞ্চলে ঐ অঞ্চলেরই একজন সাবেক জাতীয় ক্রিকেটারকে গেম ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে নিয়োগ দেয়া হবে।” ভারত ও পাকিস্তান সফর প্রসঙ্গেও কথা বলেন মুস্তফা কামাল। তিনি বলেন, “ভারত সফর নিয়ে আলোচনা চলছে। পাকিস্তান সফরের বিষয়টি এখনো আদালতে রয়েছে। তাই এখন এ ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না। আদালতের নিষেধাজ্ঞা উঠে গেলে সফর হতে পারে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১২৯ঘ.