ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেস্টের এক নম্বর দলের সঙ্গে ৭ নম্বর দলের লড়াই। তা-ও আবার এক নম্বর দলের মাটিতে। অনেকেই ভেবেছিলো লর্ডসে প্রথম টেস্টে ইংল্যান্ডের সামনে স্রেফ উড়ে যাবে ওয়েস্ট ইন্ডিজ। তবে সে ধারণা ভুল প্রমাণ করে ভালোই লড়েছে ক্যারিবীয়রা। শুক্রবার থেকে ট্রেন্টব্রিজে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও অতিথিদের কাছ থেকে কঠিন লড়াইয়ের আশঙ্কা করছেন ইংল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস।
লর্ডসে ৫ উইকেটের জয় পাওয়ায় ট্রেন্টব্রিজে জিতলেই তিন ম্যাচের সিরিজ স্বাগতিকদের মুঠোয় চলে আসবে। তবে জয়ের কথা ভেবে লক্ষ্যচ্যূত হতে রাজি নন স্ট্রাউস। কোনো রকম আত্মপ্রসাদেও ভুগছেন না লর্ডসে প্রায় দেড় বছর পর টেস্ট শতকের দেখা পাওয়া বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান ।
তিনি বলেন, “(প্রথম টেস্টে) ওয়েস্ট ইন্ডিজ সত্যিই খুব ভালো লড়াই করেছে। বেশ কয়েক বার তো তারা আমাদের চাপের মধ্যে ফেলে দিয়েছিলো। ম্যাচটা জিততে পেরে আমরা দারুণ নির্ভার বোধ করেছি।”
“তবে দ্বিতীয় টেস্টেও জিততে চাইলে আমাদের ভীষণ সতর্ক থাকতে হবে,” যোগ করেন স্ট্রাউস।
ওয়েস্ট ইন্ডিজের জন্য বড় ধাক্কা, লর্ডসে অভিষেক টেস্টে ৪ উইকেট নেয়া পেসার শ্যানন গ্যাব্রিয়েলকে হারিয়ে ফেলা। পিঠের চোটের কারণে সিরিজের বাকি দুই টেস্টে খেলতে পারবেন না গ্যাব্রিয়েল।
অবশ্য কাঁধের চোট কাটিয়ে আরেক পেসার রবি রামপলের প্রত্যাবর্তন অনুপ্রাণিত করতে পারে ক্যারিবীয়দের।
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি তো রামপলকে ফিরে পাওয়ার সম্ভাবনায় উদ্বেলিত। তিনি বলেন, “গত দেড় বছরে রবি (রামপল) সব সময় নতুন বলে আমাদের উইকেট উপহার দিয়েছে। কেমার রোচ খুব ভালো বল করছে। তার সঙ্গে রবির অন্তর্ভুক্তি আমাদের পেস আক্রমণকে আরো নির্ভরতা দিতে পারে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১৫৪ঘ.
bdnews24