ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০০৩-০৪ মৌসুমের আগে অবসরে যাওয়া জাতীয় ও ঘরোয়া ক্রিকেটের খেলোয়াড়দের এককালীন অনুদান দেয়ার জন্য একটি তালিকা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে সেই তালিকায় কপিল দেবের নাম নেই। বাদ পড়েছেন মোহাম্মদ আজহারউদ্দিন এবং কীর্তি আজাদও।
এবারের আইপিএলের প্লে-অফ ম্যাচের লভ্যাংশ থেকে এই অনুদান দেয়া হবে।
বিসিসিআইর এক জন শীর্ষস্থানীয় কর্মকর্তা ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ কে বলেন, “আইসিএলের সঙ্গে জড়িত থাকার কারণে বিসিসিআই ক্ষমা চাওয়ার যে প্রস্তাব দিয়েছিলো তা কপিল দেব গ্রহণ না করায় তার নাম (অনুদানের) তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।”
আইসিসি ও বিসিসিআইর অনুমোদন না পাওয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা আইসিএলের সভাপতি ছিলেন কপিল দেব।
২০০৯ সালের এপ্রিলে আইসিএলের সঙ্গে জড়িত ভারতের খেলোয়াড় ও কর্মকর্তাদের বিসিসিআইর কাছে ক্ষমা চাওয়ার প্রস্তাব দেয়া হয়েছিলো। না হলে তাদের আজীবন নিষিদ্ধ করার হুমকিও দেয়া হয়।
সে সময় ক্ষমা না চাওয়া প্রসঙ্গে কপিল দেব বলেন, “আমি তাদের (বিসিসিআই) কাছ থেকে কিছু শুনিনি। তারা আমাকে কিছু জানায়নি।”
এককালীন অর্থ প্রদানের তালিকায় তার নাম আছে কি নেই সে বিষয়েও কিছু জানেন না বলে জানিয়েছেন ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক।
কীর্তি আজাদও ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। আইপিএল নিয়ে নানা বিতর্কের কারণে রোববার থেকে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের বাইরে প্রতিযোগিতাটির বিরুদ্ধে অনশন ধর্মঘট শুরু করেছেন তিনি। ধারণা করা হচ্ছে তালিকা থেকে তার নাম বাদ পড়ার এটাই কারণ।
আর আজহারের বাদ পড়ার কারণ ম্যাচ পাতানোর দায়ে আজীবন নিষেধাজ্ঞা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১২০ঘ.
bdnews24