ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসকে ১৮ রানে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে কলকাতা নাইট রাইডার্স।
পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ জয়ের নায়ক সাকিব দিল্লির বিপক্ষে অনেকটা নিজের ছায়া হয়েই ছিলেন। ব্যট হাতে ১ রান করার পর বল হাতে ৩৬ রানে নেন ১ উইকেট।
পুনের সুব্রত রায় সাহারা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৬২ রান করে কলকাতা। জবাবে ৮ উইকেটে ১৪৪ রানেই থেমে যায় দিল্লির ইনিংস।
এই হারের পরও ফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে দিল্লির। সেক্ষেত্রে এলিমিনেটর ম্যাচ জয়ী দলের সঙ্গে ২৫ মে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে তাদের জিততে হবে।
লক্ষ্য তাড়া করতে নেমে ২৪ রানেই সাজঘরের পথ ধরেন দিল্লির দুই উদ্বোধনী ব্যাটসম্যান। নিজের প্রথম ওভারের শেষ বলে ডেভিড ওয়ার্নারকে (৭) ব্রেন্ডন ম্যাককালামের ক্যাচ বানিয়ে দলকে প্রথম সাফল্য এনে দেন সাকিব।
পরের ওভারের প্রথম বলেই লক্ষ্মীপতি বালাজি বীরেন্দর শেবাগকে (১০) ফিরিয়ে দিলে অস্বস্তি¡তে পড়ে দিল্লি।
তৃতীয় উইকেটে নামান ওঝার (২৯) সঙ্গে ৫৯ ও ভেনু গোপাল রাওয়ের (১৩) সঙ্গে মাহেলা জয়াবর্ধনের (৪০) ২৫ রানের দুটি কার্যকর জুটি খেলায় ফেরায় দিল্লিকে। কিন্তু দলীয় ১০৮ রানে জয়াবর্ধনে বিদায় নেয়ার পর আর বেশি দূর এগোয়নি দিল্লির ইনিংস।
কলকাতার পক্ষে সুনীল নারায়ণ ও জ্যাক ক্যালিস দুটি করে উইকেট নেন।
এর আগে ম্যাককালামের সঙ্গে অধিনায়ক গৌতম গম্ভীরের (৩২) ৪৮ রানের উদ্বোধনী জুটি কলকাতাকে ভালো সূচনা এনে দেয়। দুর্ভাগ্যজনক রান আউট হয়ে গম্ভীরের বিদায়ের পর কলকাতার রান সংগ্রহের গতিতে বেশ ভাটা পড়ে।
দ্বিতীয় উইকেটে ৬ ওভার ৫ বলে ৩৯ রানের জুটি গড়েন ম্যাককালাম (৩২) ও ক্যালিস। দলীয় ৮৭ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ম্যাককালামের বিদায়ের পর সাকিব (১) ও ক্যালিস (৩০) বিদায় নিলে বেশ অস্বস্তি¡তে পড়ে কলকাতা।
পঞ্চম উইকেটে শেষ চার ওভারে লক্ষ্মী শুক্লার (২৪) সঙ্গে ইউসুফ পাঠানের অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটির সুবাদে দেড়শ পেরোয় কলকাতা। ২১ বলে ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪০ রানে অপরাজিত থাকেন ইউসুফ।
দিল্লির পক্ষে পাওয়ান নেগি, ইরফান পাঠান ও উমেশ যাদব একটি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩৫৮ ঘ.
bdnews24