২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাকিবের অলরাউন্ড নৈপুণ্যে কোয়ালিফায়ার ম্যাচে কলকাতা

সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে পুনে ওয়ারিয়র্সকে ৩৪ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই জয়ের ফলে ১৬ খেলায় ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে কলকাতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2012, 04:17 PM

Updated : 24 Aug 2022, 11:23 AM

ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে পুনে ওয়ারিয়র্সকে ৩৪ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই জয়ের ফলে ১৬ খেলায় ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে কলকাতা। ২২ মে পুনেতেই শীর্ষ দল দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে কোয়ালিফায়ার ম্যাচে খেলবে কলকাতা। সেই ম্যাচের জয়ী দল সরাসরি খেলবে ফাইনালে। হেরে যাওয়া দলটি ফাইনালে খেলতে আরেকটু সুযোগ পাবে। সেক্ষেত্রে তাদের জিততে হবে এলিমিনেটর ম্যাচে জেতা দলের বিপক্ষে। ম্যাচ সেরা সাকিব চার নম্বরে ব্যাট করতে নেমে খেলেন ৪২ রানের ঝকঝকে ইনিংস। তার ৩০ বলের ইনিংসটি ৩টি চার ও ২টি ছক্কায় সাজানো। ব্যাটিং শেষে সাকিব বলেন, “এখানে ব্যাট করা বেশ কঠিন। বল ব্যাটে বেশ দেরিতে আসে। শট খেলার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত বলের জন্য অপেক্ষা করতে হয়। এর জন্য আমি প্রস্তুত ছিলাম, সেকারণেই ভালো খেলতে পেরেছি।” বল হাতে আরো উজ্জ্বল টেস্ট ও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা এই অলরাউন্ডার। ৪ ওভারে ১৮ রানে তুলে নেন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী ও অনুস্তুপ মজুমদারের উইকেট দুটি। আইন লঙ্ঘন এবং নিরাপত্তাকর্মী ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে শুক্রবার মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) ওয়াংখেড়ে স্টেডিয়ামে কলকাতা রাইট রাইডার্সের মালিক শহরুখ খানের ওপর সর্বসম্মতিক্রমে পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপ করে। এ নিয়ে বেশ চাপে রয়েছেন এই বলিউড তারকা। বিস্ফোরক উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালকে না খেলানো এবং ম্যাচে কৌশল কাজে না লাগায় ও ভুল সিদ্ধান্ত নেয়ায় চাপে ছিলেন পুনে অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও। দলের মালিক সুব্রত রায় পরিস্কার করেই বলেছেন, অধিনায়ক-খেলোয়াড় হিসেবে তার দলে এটাই গাঙ্গুলীর শেষ মৌসুম। সেদিক থেকে আইপিএলে নিজের শেষ ইনিংসে ব্যর্থই হয়েছেন তিনি। সাকিবের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেয়ার আগে ৮ বলে করেন ৫ রান। তার বিদায়েই ম্যাচ থেকে পিছিয়ে পড়ে পুনে। পুনের সুব্রত রায় সাহারা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শনিবার ৪ উইকেটে ১৩৬ রান করে কলকাতা। জবাবে ৮ উইকেটে ১০২ রানেই থেমে যায় পুনের ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে ১১ রানে রবিন উথাপ্পার (৮) বিদায়ে শুরুতেই ধাক্কা খায় পুনে। দ্বিতীয় উইকেটে মাইকেল ক্লার্কের (১৩) সঙ্গে জেসি রাইডারের (২২) ৪০ রানের জুটির সুবাদে প্রাথমিক ধাক্কা সামাল দেয় দলটি। ইউসুফ পাঠানের জোড়া আঘাতের পর সাকিব গাঙ্গুলীকে ফিরিয়ে দিলে ৫১/১ থেকে পুনে পরিণত হয় ৬২/৪-এ। এই ধাক্কা আর সামাল দিয়ে উঠতে পারেনি স্বাগতিকরা। শেষ পর্যন্ত অনুস্তুপের ১৭ ও ক্যালাম ফার্গুসনের ১২ রানের সুবাদে একশ পেরোয় দলটি। এর আগে ব্যাট করতে নেমে ৪০ রানেই অধিনায়ক গৌতম গম্ভীর (১০) ও জ্যাক ক্যালিস (১৩) বিদায় নিলে কলকাতার শুরুটা মোটেও ভালো হয়নি। তৃতীয় উইকেটে ৭ ওভার ৪ বলে ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে ৬৭ রানের জুটি গড়ে ধাক্কা সামাল দিয়ে দলকে ভালো অবস্থানে নিয়ে আসেন সাকিব। দলীয় ১০৭ রানে ম্যাককালাম ও ১১৭ রানে সাকিবের বিদায়ের পর বেশিদূর এগোয়নি কলকাতার ইনিংস। ১৮ রানে ২ উইকেট নিয়ে পুনের সেরা বোলার ওয়েইন পার্নেল। আইপিএলে নিজের প্রথম আসরটা বেঞ্চে বসেই কাটাতে হল পুনের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৫৫ ঘ.