ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃহস্পতিবার থেকে লর্ডসে শুরু হতে যাচ্ছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। সা¤প্রতিক সাফল্যের কারণে এই সিরিজে স্বাগতিক এবং আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ইংল্যান্ডকেই এগিয়ে রাখতে হবে।
গত চার বছর ঘরের মাঠে কোনো টেস্ট সিরিজ হারেনি ইংল্যান্ড। অন্যদিকে ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ ১৮টি টেস্টে মাত্র একটি জিততে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ।
তবু প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড। তিনি বলেন, “ওয়েস্ট ইন্ডিজের কোচ ওটিস গিবসন ইংল্যান্ড দলের সঙ্গে তিন বছর কাজ করেছেন। ওদের দলে দুজন ভালো পেসার আছেন। আছেন শিবনারায়ন চন্দরপলের মতো বিশ্ব মানের ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজকে তাই হালকাভাবে নেয়ার সুযোগ নেই। তাদের বিপক্ষে আমাদের সতর্ক থাকতে হবে।”
ইংল্যান্ডের সবচেয়ে দুশ্চিন্তা ব্যাটিং নিয়ে। কয়েক মাস আগে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হারা টেস্ট সিরিজে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা একদমই ভালো খেলতে পারেননি। শ্রীলঙ্কার সঙ্গে ১-১এ ড্র করা সিরিজেও তাদের ব্যাটসম্যানদের ভুগতে হয়েছে।
ইংল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস তার সর্বশেষ টেস্ট শতকটি করেছিলেন ১৮ মাস আগে। ৩৫ বছর বয়সী এই উদ্বোধনী ব্যাটসম্যানকে ফিদেল এডওয়ার্ডস ও কেমার রোচের সামনে কঠিন পরীক্ষায় পড়তে হতে পারে। একটি প্রস্তুতি ম্যাচে রোচ পায়ে ব্যথা অনুভব করলেও এখন তিনি সম্পূর্ণ সুস্থ এবং বৃহস্পতিবার মাঠে নামতে প্রস্তুত।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের অন্যতম ভরসা টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা শিবনারায়ণ চন্দরপল। এর আগে ছয় বার ইংল্যান্ড সফর করেছিলেন তিনি। ইংল্যান্ডে তার ব্যাটিং গড় ৬৪.৬৬।
ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামির বিশ্বাস, তার দল ঠিক পথেই এগোচ্ছে। তিনি বলেন, “আমরা জয় ছাড়া আর সব কিছুই পাচ্ছি। ভারত ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে আমরা ভালো খেলেছি আর দারুণ লড়াইও করেছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১২১ ঘ.
bdnews24