ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কা সফরে পাকিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক এবং টেস্ট ও ওয়ানডে দলের সহ-অধিনায়ক করা হয়েছে মোহাম্মদ হাফিজকে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ওয়াকার ইউনিস।
পাকিস্তানের একটি বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে ওয়াকার বলেন, “হাফিজ একজন অভিজ্ঞ ক্রিকেটার। তাকে সবার আগে সংক্ষিপ্ত সংস্করণের জন্য অধিনায়ক করার সিদ্ধান্তটা খুবই ভালো হয়েছে।”
“শুরুতেই তাকে টেস্ট বা ওয়ানডে দলের অধিনায়ক করা হলে তা বোকামি হতো। আশা করি সে সফল হবে,” যোগ করেন পাকিস্তানের সাবেক তারকা ফাস্ট বোলার।
হাফিজ দলের জ্যেষ্ঠ খেলোয়াড়দের সমর্থন পাবে বলেও মনে করেন ওয়াকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১০০ঘ.
bdnews24