ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে প্রথম তিন দিনের ম্যাচের প্রথম দিনে ১৫৯ রানে অল আউট হয়ে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল।
শুক্রবার বিকেএসপির দুই নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ১০ রানেই আরিয়ান ফাহিমের (৪) উইকেট হারায় স্বাগতিকরা। তবে দ্বিতীয় উইকেটে ওমর ফারুকের (৪২) সঙ্গে আসাদুর রহমানের ৫৮ রানের জুটি প্রাথমিক ধাক্কা সামলে উঠতে ভালোই সাহায্য করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলকে।
ফারুকের বিদায়ের পর আমিনুল ইসলামের (১৪) সঙ্গে তৃতীয় উইকেটে ৩৭ রানের আরেকটি ভালো জুটি গড়েন আসাদ (৪৩)। এক সময় ১০৫/২-এ দাঁড়িয়ে বড় সংগ্রহের স্বপ্ন দেখছিলো স্বাগতিকরা। কিন্তু পরের ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ৫৪ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ফেলায় ধাক্কা খায় সেই স্বপ্ন।
২১ রানে ৪ উইকেট নিয়ে সুব্রজিৎ দাস সিএবি অনূর্ধ্ব-১৫ দলের সেরা বোলার। প্রয়াস রায় ও প্রদীপ্ত প্রামাণিক নেন দুটি করে উইকেট।
সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে দুটি তিন দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলবে সিএবি অনূর্ধ্ব-১৫ দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮১৮ ঘ.
bdnews24