ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফ্রাঙ্ক ওরেল ট্রফির তৃতীয় টেস্টের তৃতীয় দিন শেষে বেশ ভালো অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট ২০০ রান করে এরই মধ্যে ৩১০ রানে এগিয়ে গেছে অতিথিরা।
মাইক হাসি ১৭ ও রায়ান হ্যারিস ৪ রানে ব্যাট করছেন।
এর আগে ৮ উইকেটে ১৬৫ রানে দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ১২০ রানে অষ্টম উইকেটের পতনের পর শেষ দুই ব্যাটসম্যানের সঙ্গে ৯৮ রানের জুটি গড়ে স্বাগতিকদের লড়াইয়ে রাখেন শিবনারায়ণ চন্দরপল।
দলীয় ২১৮ রানে দশম ব্যাটসম্যান হিসেবে সাজঘরের পথ ধরার আগে চন্দরপল খেলেন ৬৮ রানের দায়িত্বশীল ইনিংস। তার ১৬৮ বলের ইনিংসে ৩টি চার।
৬৯ রানে ৪ উইকেট নিয়ে লিয়ন অস্ট্রেলিয়ার সেরা বোলার।
১১০ রানে এগিয়ে েেক ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। মধ্যাহ্ন বিরতির আগের ওভারের চর্তু বলে ডেভিড ওয়ার্নারকে (১১) চন্দরপলের ক্যাচ বানিয়ে স্বাগতিকদের শুরুতেই সাফল্য এনে দেন কেমার রোচ।
মধ্যাহ্ন বিরতির পরপরই শেন ওয়াটসনকে (৪) ফিরিয়ে দেন শেন শিলিংফোর্ড। তৃতীয় উইকেটে এড কাওয়ানের (৫৫) সঙ্গে রিকি পন্টিংয়ের ৮৭ রানের জুটি প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে ভালো অবস্থানে নিয়ে আসে অতিথিদের।
কাওয়ানকে অধিনায়ক ড্যারেন স্যামির ক্যাচ বানিয়ে ওয়েস্ট ইন্ডিজের জন্য বিপদজনক হয়ে উঠা এ জুুটি ভাঙ্গেন নরনিং দেওনারায়ণ। চতুর্থ উইকেটে অধিনায়ক মাইকেল ক্লার্কের (২৫) সঙ্গে ৫৬ রানের আরেকটি কার্যকরী জুটি গড়েন পন্টিং।
দলীয় ১৬৮ রানে পন্টিং ও ৩ রান পর ক্লার্কের বিদায়ে বড় একটা ধাক্কা খায় অস্ট্রেলিয়া। এরপর বেশিক্ষণ টেকেন নি প্রথম ইনিংসে শতক পাওয়া ম্যাথু ওয়েড। এক সময়ে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ১১২/২ সেখান থেকে তাদের স্কোর পরিণত হয় ১৯৬/৬-এ।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৩২৮ ও ২০০/৬ (ওয়ার্নার ১১, কাওয়ান ৫৫, ওয়াটসন ৫, পন্টিং ৫৭, ক্লার্ক ২৫, হাসি ১৭*, ওয়েড ৪, হ্যারিস ৪*; দিওনারায়ণ ২/২৮, রোচ ২/৪০, শিলিংফোর্ড ২/৬৯)
ওয়েস্ট ইন্ডিজ: ২১৮ (বারাথ ২৯, ব্র্যাথওয়েইট ০, পাওয়েল ৪০, ব্রাভো ১০, চন্দরপল ৬৮, দিওনারায়ণ ৭, বাফ ৫, স্যামি ১০, শিলিংফোর্ড ০, রামপল ৩১, রোচ ৯*; লিয়ন ৪/৬৯, স্টার্ক ২/২৯, ওয়ার্নার ১/২১, হিলফেনহস ১/৩০, হ্যারিস ১/৩৬)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/ ০৮৩০ ঘ.
bdnews24