ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যস্ত সূচির কারণে বাংলাদেশের অনুরোধ রাখা সম্ভব হচ্ছে না বলে জানিয়ে দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা বা সিএসএ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আগামী মাসে দক্ষিণ আফ্রিকাকে ৫টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছিলো বাংলাদেশ। হাইকোর্টের আদেশে বাংলাদেশের পাকিস্তান সফর স্থগিত হয়ে যাওয়ার ঠিক পরেই সিএসএ’র কাছে প্রস্তাবটা দিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে সিএসএ পরিষ্কার জানিয়ে দিয়েছে তাদের পক্ষে এই প্রস্তাবে সাড়া দেয়া সম্ভব নয়। এক বিবৃতিতে সিএসএ’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জ্যাক ফল বলেন, “দুর্ভাগ্যজনকভাবে অনেকগুলো বাধার কারণে বাংলাদেশের অনুরোধ রাখা সম্ভব হচ্ছে না।”
“এই মুহূর্তে আমাদের জাতীয় দলের ক্রিকেটাররা ইংল্যান্ড ও ভারতে খেলছেন। আর দেশে থাকা ক্রিকেটাররা গত মৌসুমে পাওয়া চোট কাটিয়ে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন,” যোগ করেন তিনি।
আগামী জুনে জিম্বাবুয়ের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকার ব্যস্ত আন্তর্জাতিক সূচী। জুলাইয়ে দুই মাসের জন্য ইংল্যান্ড সফরে যাবে তারা।
সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়ার পর অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে দক্ষিণ আফ্রিকা। এরপর ডিসেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা তাদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৫৮ ঘ.
bdnews24