২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবির প্রস্তাবে দক্ষিণ আফ্রিকার অনাগ্রহ

দক্ষিণ আফ্রিকার কাছে আগামী মাসে ৩টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিসিবির প্রস্তাবিত সিরিজটি নিয়ে আগ্রহী নয় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসএসিএ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 02:22 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ আফ্রিকার কাছে আগামী মাসে ৩টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দিয়েছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিসিবির প্রস্তাবিত সিরিজটি নিয়ে আগ্রহী নয় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসএসিএ)। আগামী আগস্টে জিম্বাবুয়ে সফরে যাওয়ার কথা ছিলো বাংলাদেশের। কিন্তু সিরিজটি আগামী বছরের এপ্রিলে পিছিয়ে গেছে। তাই সেপ্টেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের কোনো আন্তর্জাতিক ম্যাচ নেই। বিশ্বকাপের প্রস্তুতির জন্যই দক্ষিণ আফ্রিকাকে প্রস্তাবটা দিয়েছিলো বিসিবি। এ ব্যাপারে মঙ্গলবার ‘ক্রিকেট সাউথ আফ্রিকা’র সঙ্গে এসএসিএ’র আলোচনায় বসার কথা । তবে তার আগেই সিরিজটি নিয়ে সংশয়। সংগঠনটির প্রধান নির্বাহী টনি আইরিশ জানিয়েছেন, “ভবিষ্যত সফর কর্মসূচীর (এফটিপি) বাইরে বলে এই সিরিজ আয়োজনে এসএসিএ’র অনুমোদন প্রয়োজন। তবে এই মুহূর্তে আমরা এই সিরিজ আয়োজনের পক্ষপাতী নই।” দক্ষিণ আফ্রিকার বেশিরভাগ ক্রিকেটার এখন আইপিএল এবং কাউন্টি ক্রিকেট নিয়ে ব্যস্ত। আগামী জুনে জিম্বাবুয়ের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকার ব্যস্ত আন্তর্জাতিক সূচী। জুলাইয়ে দুই মাসের জন্য ইংল্যান্ড সফরে যাবে তারা। শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়ার পর অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে দক্ষিণ আফ্রিকা। এরপর ডিসেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা তাদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০২০ ঘ.