ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) কেভিন পিটারসেনের অপরাজিত শতকের সুবাদে বৃহস্পতিবার ডেকান চার্জার্সকে ৫ উইকেটে হারিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। সেই সঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় সবার ওপরে উঠে গেছে দলটি।
৫ ম্যাচে ৪ জয়ে দিল্লি ডেয়ারডেভিলসের পয়েন্ট ৮। আর ৪ ম্যাচে এখনো জয়ের মুখ দেখেনি ডেকান চার্জার্স।
১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি দিল্লি ডেয়ারডেভিলসের। দলীয় ১৫ রানে বিদায় নেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান নামান ওঝা (১) ও অধিনায়ক বীরেন্দর শেবাগ (৭)।
তবে পিটারসেনের ব্যাটিং তান্ডবে প্রাথমিক ওই চাপ কাটিয়ে জয়ের লক্ষ্যে ভালো ভাবেই এগোতে থাকে দিল্লি। অঙ্কিত শর্মার ১৯তম ওভারের প্রথম বলে ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন পিটারসেন। ৬টি চার ও ৯টি বিশাল ছক্কায় ৬৪ বলে অপরাজিত ১০৩ রান করেন তিনি।
১৯ রানে ২ উইকেট নিয়ে ডেল স্টেইন ডেকান চার্জার্সের সবচেয়ে সফল বোলার।
এর আগে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে (১) হারালেও শিখর ধাওয়ান (২৯ বলে ৪৪) ও পার্থিব প্যাটেলের (২৭ বলে ৪৫) তান্ডবে ঘুরে দাঁড়ায় ডেকান চার্জার্স।
কিন্তু এ দুজনের বিদায়ের পর ড্যানিয়েল ক্রিস্টিয়ান (২১ বলে ১৯) ও ভরত চিপলি (১৭ বলে অপরাজিত ২৫) ছাড়া আর কেউ দুই অংকের ঘরে যেতে পারেননি। ফলে ৮ উইকেটে ১৫৭ রান তুলতে সক্ষম হয় ডেকান চার্জার্স।
তিনটি করে উইকেট নিয়েছেন মর্নে মরকেল ও শাহবাজ নাদিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০০৫ ঘ.
bdnews24