ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইসিসির নির্বাহী কমিটির সভায় বিসিবি ও পিসিবি বাংলাদেশের ক্রিকেট দলের পাকিস্তান সফর নিশ্চিত করলেও এ সংক্রান্ত ধোঁয়াশা কাটছে না কিছুতেই। মঙ্গলবার বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির সভাপতি এনায়েত হোসেন সিরাজ আবারো জানিয়েছেন, আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিটের (এসিএসইউ) রিপোর্ট না পাওয়া পর্যন্ত সফরটি নিশ্চিত নয় ।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট অপারেশন্স কমিটির সভা শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সিরাজ বলেন, “পাকিস্তান সফরের পুরো বিষয়টি এখন আইসিসির হাতে। আইসিসির নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট দেখেই আমরা সিদ্ধান্ত নেবো। আপাতত এ ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত নিচ্ছি না।”
“এসিএসইউর কাছে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার গ্রহণযোগ্যতার ওপরেই আমাদের সফর নির্ভর করছে। পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে আইসিসি একটি দল পাঠাবে । আমরা তাদের রিপোর্ট পাওয়ার অপেক্ষায় আছি,” যোগ করেন তিনি।
গত ১৫ এপ্রিল যৌথভাবে বিসিবি ও পিসিবি বাংলাদেশের পাকিস্তান সফরে যাওয়ার ঘোষণা দেয়। এ মাসের শেষের দিকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা দুদলের।
আগামী অগাস্টে জিম্বাবুয়ের বিপক্ষে একটি সিরিজ খেলার কথা ছিলো বাংলাদেশের। সে ব্যাপারেও আলোচনা হয়েছে বলে জানান সিরাজ।
তিনি বলেন, “জিম্বাবুয়ে আমাদের অনুরোধ করেছে সিরিজটি অক্টোবর পর্যন্ত পিছিয়ে দিতে। কিন্তু সে সময় ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত থাকবেন বলে ঐ সিরিজ আরো পিছিয়ে আগামী বছরের এপ্রিলে নেয়া হয়েছে।”
জাতীয় দলের প্রধান কোচ স্টুয়ার্ট ল’র উত্তরসূরী খোঁজার কাজ শুরু হয়েছে বলেও জানিয়েছেন সিরাজ। তিনি বলেন, “নতুন কোচ খোঁজার কাজ শুরু করেছি আমরা। কয়েক জনের সঙ্গে কথা হলেও এখনো এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।”
“দু-এক দিনের মধ্যেই আমাদের ওয়েবসাইটে এ ব্যাপারে বিজ্ঞাপণ দেয়া হবে। বিজ্ঞাপণ দেখে আবেদনকারী ব্যক্তির ভেতর থেকে আমরা ল’র উত্তরসূরী খুঁজে নেবো,” যোগ করেন তিনি।
ব্যক্তিগত ও পারিবারিক কারণে বাংলাদেশের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ল। তবে ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১০৬ ঘ.
bdnews24