ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কাইরন পোলার্ডের অলরাউন্ড নৈপুণ্যে রাজস্থান রয়্যালসকে হারিয়ে শীর্ষে উঠে এসেছে মুম্বাই ইন্ডিয়ান্স। বুধবার আইপিএলের একমাত্র খেলায় রাজস্থানকে ২৭ রানে হারায় মুম্বাই।
চার খেলায় মুম্বাইয়ের এটি তৃতীয় জয়। অন্য দিকে তৃতীয় খেলায় এটি রাজস্থান রয়্যালসের প্রথম হার।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে পোলার্ডের অর্ধশতকের সুবাদে ৬ উইকেটে ১৯৭ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স। জবাবে ওয়াইজ শাহর অর্ধশতকের পরও ১৯ ওভার ৪ বলে ১৭০ অলআউট হয়ে যায় রাজস্থান রয়্যালস।
লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই মুনাফ প্যাটেল অধিনায়ক রাহুল দ্রাবিড় (৩) ও শ্রীবাটস গোস্বামীকে (০) সাজঘরে ফেরত পাঠালে রাজস্থানের শুরুটা মোটেও ভালো হয়নি।
তৃতীয় উইকেটে অজিঙ্কিয়া রাহানের (৪০) সঙ্গে ৮২ ও তৃতীয় উইকেটে অশোক মেনারিয়ার সঙ্গে ৪৫ রানের দুটি জুটি গড়ে দলকে খেলায় ফেরান শাহ।
১৫ তম ওভারে শাহ (৭৬) ও জোহান বোথাকে (২) সাজঘরে ফেরত পাঠিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সকে চালকের আসনে নিয়ে আসেন লাসিথ মালিঙ্গা। শাহ তার ৪২ বলের ইনিংসটি সাজান ৫টি চার ও ছক্কায়।
এর পর আর বেশি দূর এগোয়নি রাজস্থান রয়্যালসের ইনিংস।
মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে ৪টি করে উইকেট নেন মুনাফ (৪/২৮) ও পোলার্ড (৪/৪৪)। এছাড়া মালিঙ্গা ১৩ রানে ২ উইকেট নেন।
এর আগে ৬৮ রানের মধ্যে প্রথম তিন ব্যাটসম্যান বিদায় নিলে মুম্বাই ইন্ডিয়ান্সের শুরুটা খুব একটা ভালো হয়নি। চতুর্থ উইকেটে অম্বতি রাইডুর সঙ্গে পোলার্ডের ৯৬ রানের জুটি মুম্বাইকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। দলীয় ১৬৪ রানে সাজঘরের পথ ধরার আগে ৬৪ রান করেন পোলার্ড। তার ৩৩ বলের ইনিংসে ৬টি চার ৪টি ছক্কা।
এর পর দীনেশ কার্তিক (০) ও জেমস ফ্র্যাঙ্কলিন (২) দ্রুত বিদায় নিলেও রাইডু ও অধিনায়ক হরভজনের (৬ বলে ১৮ রান) আক্রমণাত্মক ব্যাটিংয়ে দুশর কাছাকাছি স্কোর গড়ে মুম্বাই ইন্ডিয়ান্স। রাইডু অপরাজিত থাকেন ৪৭ রানে। তার ৩২ বলের ইনিংসে ১টি চার ও ৩টি ছক্কা।
রাজস্থান রয়্যালসের পক্ষে অমিত সিং ও ব্র্যাড হগ দুটি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০০০৫ ঘ.
bdnews24