ঢাকা, এপ্রিল ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শনিবার দিল্লি ডেয়ারডেভিলসকে ২০ রানে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শুভ সূচনা করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে এবি ডি ভিলিয়ার্সের ঝড়ো অর্ধশতকের সুবাদে ৮ উইকেটে ১৫৭ রান করে স্বাগতিক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ২টি ছক্কা ও ৬টি চারসহ ৪২ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন ম্যাচ সেরা ডি ভিলিয়ার্স। এছাড়া উদ্বোধনী ব্যাটসম্যান অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড ১৯ বলে ৩০ ও বিনয় কুমার ১৬ বলে ১৮ রান করেন।
৩২ রানে ৩ উইকেট নিয়ে দিল্লির সবচেয়ে সফল বোলার ডগ ব্রেসওয়েল। ৩০ রানে মরনে মরকেলের শিকার দুটি।
১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের পঞ্চম বলেই অধিনায়ক বীরেন্দর শেবাগকে (০) হারায় দিল্লি। এরপর অরুণ ফিঞ্চ ২৪ বলে ২৫ ও নামান ওঝা ২৬ বলে ৩৩ রান করলেও লক্ষ্যটা ক্রমশ কঠিন হয়ে পড়ছিলো অতিথিদের জন্য।
তবে বৃহস্পতিবার আক্রমণাত্মক ব্যাটিং করে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দেয়া ইরফান পাঠান আবার জ্বলে উঠলে স্বপ্ন দেখতে থাকে দিল্লি ডেয়ারডেভিলস। কিন্তু ১৫ বলে ২৪ রান করে পাঠানদের ছোট ভাই রান আউট হয়ে গেলে তারা আর পেরে ওঠেনি। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৩৭ রানে থেমে যায় দিল্লি।
২৫ রানে ৩ উইকেট নিয়েছেন মুত্তিয়া মুরালিধরন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০২৪ ঘ.
bdnews24