ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভাবনা বাতিল করে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফ। এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে আর কথা বলতেও চান না তিনি।
পাকিস্তানের দৈনিক ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ কে আশরাফ বলেন, “ভারতকে এ ব্যাপারে আর জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। তারা আমাদের সঙ্গে আর খেলতে চায় না। এবং এটা পরিষ্কার বোঝাও যাচ্ছে।”
২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেয় ভারত।
গত অক্টোবরে পিসিবি সভাপতির দায়িত্ব নেয়ার পর ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেট-সম্পর্ক পুনঃস্থাপনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন জাকা আশরাফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১০৫ঘ.
bdnews24