ঢাকা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বুধবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম পর্যায়ের একাদশ ও শেষ রাউন্ডে ক্রিকেট কোচিং স্কুলকে (সিসিএস) ৬৬ রানে হারিয়েছে ভিক্টোরিয়া। আর ব্রাদার্স ইউনিয়নকে ৬ উইকেটে হারিয়ে অবনমন-লড়াইয়ের লজ্জা থেকে মুক্তি পেয়েছে কলাবাগান।
ভিক্টোরিয়া-সিসিএস
ফতুল্ল¬ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ১ বলে ২১৬ রান করে ভিক্টোরিয়া। জবাবে ৩৮ ওভার ২ বলে ১৫০ রানে অলআউট হয়ে যায় সিসিএস।
লক্ষ্য তাড়া করতে নেমে ৭৫ রানে ৭ উইকেট হারানোর পর সিসিএস আর পেরে ওঠেনি। ৭ নম্বরে নামা পাকিস্তানের সুলেমান খানের ৫৫ রান তাদের হারের ব্যবধানই কমাতে পেরেছে শুধু।
২০ রানে ৪ উইকেট নিয়ে মুক্তার আলী ভিক্টোরিয়ার সেরা বোলার।
এর আগে তামিম ইকবালের ৫০ ও অধিনায়ক সাকিব আল হাসানের ৫৩ রানের সুবাদে দু শ পেরোয় ভিক্টোরিয়া।
ব্রাদার্স-কলাবাগান
বিকেএসপির দুই নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ৩২ ওভার ৫ বলে ১১৯ রানে অলআউট হয়ে যায় ব্রাদার্স। সর্বোচ্চ ৩১ রান করেন দশ নম্বরে ব্যাট করতে নামা আব্দুর রাজ্জাক।
৩৩ রানে ৩ উইকেট নিয়ে সোহাগ গাজী কলাবাগানের সেরা বোলার।
জবাবে পাকিস্তানের রিফাতউল্ল¬াহর ৩৭ ও অধিনায়ক নাসিরুদ্দিন ফারুকের ৩১ রানের সুবাদে ৩৯ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কলাবাগান।
হেরে যাওয়ায় বাংলাদেশ বিমানের সঙ্গে রেলিগেশন প্লে-অফ ম্যাচ খেলতে হবে ব্রাদার্সকে। বৃহস্পতিবার বিকেএসপিতে হবে ম্যাচটি। নবম পর্বের ম্যাচে সময় মতো মাঠে উপস্থিত হতে না পারায় এরই মধ্যে প্রথম বিভাগে নেমে গেছে সূর্যতরুণ।
প্রথম পর্যায় শেষে ১৮ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে ওল্ড ডিওইচএস। ২ পয়েন্ট কম নিয়ে তাদের ঠিক পরেই ভিক্টোরিয়ার অবস্থান। সুপার সিক্সে ওঠা অন্য চারটি দল হলো গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্স (১৪ পয়েন্ট), আবাহনী (১২ পয়েন্ট), শেখ জামাল ধানমন্ডি ক্লাব (১০ পয়েন্ট) ও মোহামেডান (১০ পয়েন্ট)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৩০ঘ.
bdnews24