২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোহলি, ধোনিকে আকরামের পরামর্শ

পাকিস্তানের কিংবদন্তী বাঁহাতি পেসার ওয়াসিম আকরাম এখনই নেতৃত্ব নিয়ে না ভাবার পরামর্শ দিয়েছেন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিকে। অন্যদিকে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে অন্তত একটি ফরম্যাটে দলের নেতৃত্ব থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2012, 05:05 PM

Updated : 24 Aug 2022, 12:19 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের কিংবদন্তী বাঁহাতি পেসার ওয়াসিম আকরাম এখনই নেতৃত্ব নিয়ে না ভাবার পরামর্শ দিয়েছেন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিকে। অন্যদিকে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে অন্তত একটি ফরম্যাটে দলের নেতৃত্ব থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন তিনি। দ্য ডেইলি টাইমসকে তিনি বলেন, “বিরাট কোহলিকে নেতৃত্বে আনার আগে আরেকটু সময় নেয়া উচিৎ। তিনি ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন। গত আঠারো মাস ধরে তিনিই ভারতের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান।” “এই মুহূর্তে অন্য কোনো দায়িত্ব না চাপিয়ে তাকে খেলা উপভোগ করতে দেয়া উচিৎ। দল নির্বাচন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার মত বোঝাগুলো তার উপর চাপিয়ে দেয়া অনুচিত হবে,” যোগ করেন পাকিস্তানের এই সাবেক অধিনায়ক। ধোনির ব্যাপারে বলেন, এক ফরম্যাটে নেতৃত্ব থেকে সরে দাঁড়ালে খেলা উপভোগ ও মনযোগ বাড়ানোর ক্ষেত্রে তার জন্য সহায়ক হবে। “টানা তৃতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত উঠতে ব্যর্থ হওয়ার পর ধোনির নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠায় আমি বিস্মিত নই। হতে পারে একটু সময় নিয়ে ধোনির অধিনায়ক হিসেবে নিজের মূল্যায়ন করা উচিৎ,” যোগ করেন তিনি। আকরাম বলেন, “অধিনায়ক হিসেবে নিজের দক্ষতা বিচারে তিনি সেরা বিচারক। তিন ফরম্যাটেই নেতৃত্ব দেয়া তার জন্য বাড়তি চাপ হতে পারে। আমার মনে হয় তিনি একটি ফরম্যাটে নেতৃত্ব ছেড়ে দিয়ে খেলায় আরো মনযোগ দিতে পারবেন। আমি এখনো মনে করি সীমিত ওভারের ক্রিকেটে তিনি অন্যতম সেরা খেলোয়াড় এবং ‘ফিনিশার’।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩০০ ঘ.