ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বয়স বেশি হয়নি, মাত্র ৫৩ বছর। স্বাস্থ্যও অটুট, অসুখ-বিসুখের চিহ্নও নেই। অথচ হঠাৎই চলে গেলেন জিম্বাবুয়ের সাবেক অলরাউন্ডার ও কোচ কেভিন কারেন। মৃত্যুর কারণ জানায়নি জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।
২০০৫-এর অগাস্ট থেকে ২০০৭-এর সেপ্টেম্বর পর্যন্ত জিম্বাবুয়ে জাতীয় দলের কোচের দায়িত্বে থাকা কারেন ম্যাশ ঈগলস দলের কোচ ছিলেন মৃত্যুর সময়। বুধবার মুতারেতে মাউন্টেনিয়ার্স দলের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য তার দল প্রস্তুতি নিচ্ছিল। শিষ্যদের সঙ্গে কারেনও জগিং করছিলেন। হঠাৎ মাটিতে পড়ে যান তিনি এবং সঙ্গে-সঙ্গে মৃত্যু।
কারেনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ১৯৮৩ বিশ্বকাপে আবির্ভাবেই ক্রিকেট-বিশ্বকে চমকে দিয়ে জিম্বাবুয়ের অস্ট্রেলিয়াকে ১৩ রানে হারিয়ে দেয়া ‘ঐতিহাসিক’ ম্যাচে।
১৯৮৭ বিশ্বকাপেও খেলা কারেন ১১টি ওয়ানডেতে দুটো অর্ধশতকসহ ২৮৭ রান করা ছাড়াও ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে ৯টি উইকেট নিয়েছিলেন। ১৯৯২ সালে জিম্বাবুয়ে টেস্ট মর্যাদা পাওয়ার আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন তিনি।
আন্তর্জাতিক অঙ্গনে তেমন ঔজ্জ্বল্য ছড়াতে না পারলেও ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে কারেন দারুণ সফল। কাউন্টিতে পাঁচ মৌসুম হাজারের ওপরে রান করার কৃতিত্ব ছিল তার। তবু ১৯৯০ সালে তার চুক্তি নবায়নে রাজি হয়নি গ্লস্টারশায়ার। এরপর তিনি চলে যান নর্দাম্পটনশায়ারে এবং ১৯৯৯ সাল পর্যন্ত এই দলে খেলেই অবসর নেন।
প্রথম শ্রেণীর ক্রিকেটে কারেনের ক্যারিয়ার দারুণ বর্ণাঢ্য। ৩২৪টি ম্যাচ খেলে ৩৬.৮৬ গড়ে ২৫টি শতকসহ ১৫,৭৪০ রান এবং ৬০৫টি উইকেটের মালিক তিনি। ঘরোয়া ওয়ানডেতেও সফল। ৪০৭ ম্যাচে ৯,১৯৪ রান করার পাশাপাশি ৩৬৪ উইকেট নিয়েছিলেন তিনি।
এমন এক গুণী ক্রিকেটারকে অকালে হারিয়ে জিম্বাবুয়ের ক্রিকেটাঙ্গন শোকে স্তব্ধ। জেডসি’র ব্যবস্থাপনা পরিচালক উইলফ্রেড মুকোনদিওয়া বলেন, “আমরা শোকাহত। কেভিনের স্বাস্থ্য খুব ভালো ছিল। আমরা এই দুঃখজনক ক্ষতির কারণটাই বুঝতে পারছি না।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮৪১ঘ.
bdnews24