২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়কত্ব চালিয়ে যেতে চান বেইলি

এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্য পায়নি অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেছে সেমিফাইনালে। তবে দল ব্যর্থ হলেও অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ইচ্ছা নেই জর্জ বেইলির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 03:26 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্য পায়নি অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেছে সেমিফাইনালে। তবে দল ব্যর্থ হলেও অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ইচ্ছা নেই জর্জ বেইলির। অস্ট্রেলিয়ার ‘সিডনি মর্নিং হেরাল্ড’ পত্রিকাকে তিনি বলেন, “আমি অস্ট্রেলিয়ার হয়ে যত বেশি সম্ভব ম্যাচ খেলতে চাই। সতীর্থদের বলেছি, গত পাঁচ সপ্তাহ তাদের সঙ্গ আমি দারুণ উপভোগ করেছি।” “একটি টি-টোয়েন্টি দলের জন্য একতা হল অপরিহার্য। আর প্রথম বারের মতো আমার মনে হয়েছে আমরা দল হিসেবে গড়ে উঠেছি,” যোগ করেন তিনি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে আরেকটি ব্যর্থতার কষ্ট কিছুতেই ভুলতে পারছেন না বেইলি। তিনি বলেন, “এটা কষ্টদায়ক যে আমরা এখনো এই টুর্নামেন্টের শিরোপা জিততে পারিনি। অস্ট্রেলীয় ক্রিকেট তাদের অর্জন নিয়ে খুবই গর্বিত। অথচ আমরা আজো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারিনি। এটা ভীষণ দুঃখজনক।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএফএম/এএআর/২১২৩ঘ.