২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টির শ্রেষ্ঠত্বের লড়াই

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রোববার মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। লিখেছেন অনীক মিশকাত ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2012, 03:24 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

অনীক মিশকাত ক্রীড়া প্রতিবেদক ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটমকম) - দীর্ঘ ২৯ বছরের অপেক্ষা শেষে কোনো বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ। শ্রীলঙ্কার জন্য অবশ্য বিশ্বকাপের ফাইনালে উত্তরণ প্রায় অভ্যাসে পরিণত হয়েছে। তবে ২০০৭ ও ২০১১ সালের ওয়ানডে এবং ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলেও কোনো বারই চ্যাম্পিয়ন হতে পারেনি শ্রীলঙ্কানরা। রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে তাই স্বাগতিকরা ওয়েস্ট ইন্ডিজকে হারাতে মরিয়া। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টি-টোয়েন্টির শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ক্রিস গেইল। এই টুর্নামেন্টে দারুণ ছন্দে আছেন ওয়েস্ট ইন্ডিজের আক্রমণাত্মক ব্যাটসম্যান। শুক্রবার সেমিফাইনালে তার ৪১ বলে অপরাজিত ৭৫ রানেই উড়ে গেছে অস্ট্রেলিয়া। তবে শ্রীলঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে শুধু গেইলকে নিয়ে ভাবছেন না। তার ভাবনা জুড়ে পুরো ওয়েস্ট ইন্ডিজ দল। তিনি বলেন, “ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত দলটির একজন খেলোয়াড় গেইল। ওদের পুরো দলের ওপরে দৃষ্টি নিবদ্ধ করে আমাদের পরিকল্পনা সাজাতে হবে, কোনো ব্যক্তি বিশেষের জন্য নয়।” “এই টুর্নামেন্টে কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে নিয়ে আলাদাভাবে আমরা পরিকল্পনা করিনি। সেজন্যই আমাদের ক্ষমতার মধ্যে থাকা সব কিছু আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি,” যোগ করেন জয়াবর্ধনে। ওদিকে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি জানিয়েছেন, স্বাগতিকদের উৎসব মাটি করে দিতে তারা প্রস্তুত। ১৯৭৫ ও ১৯৭৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের প্রবাদপ্রতিম অধিনায়ক ক্লাইভ লয়েডের পাঠানো বার্তা ক্রিকেটারদের দারুণ অনুপ্রাণিত করছে বলেও জানিয়েছেন তিনি। স্যামি বলেন, “লয়েড তার বার্তায় বলেছেন, আমরা যেভাবে খেলছি তাতে প্রত্যেকেই গর্বিত। এটা আমাদের দলের প্রত্যেকের জন্য অনেক বড় অনুপ্রেরণা।” জয়াবর্ধনে গেইলের জন্য আলাদা রণপরিকল্পনা না সাজালেও স্যামি তার দলের সবচেয়ে বড় তারকার দিকে সাগ্রহে তাকিয়ে। তিনি বলেন, “আমাদের ভালো সূচনা এনে দেয়ার জন্য গেইল আছে। তবে সে ব্যর্থ হলেও সমস্যা হওয়ার কথা নয়। আমাদের অন্য ব্যাটসম্যানদেরও বড় সংগ্রহ এনে দেয়ার সমর্থ্য আছে।” “নিজেদের সেরাটা খেলতে পারলে কন্ডিশন কোনো সমস্যা হওয়ার কথা নয়। আগে ব্যাট করার সুযোগ পেলে ওদের সামনে বড় লক্ষ্য দেয়ার চেষ্টা করব। আশা করি ফাইনালের পিচ ভালো হবে,” যোগ করেন ৩৩ বছর পর দেশকে বিশ্বকাপ এনে দেয়ার স্বপ্নে বিভোর স্যামি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১১৯ঘ.