ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নাটকীয় ভাবে ১ রানে জিতলেও সেমিফাইনালে উঠতে পারেনি ভারত। সমান চার পয়েন্ট হলেও নেট রান রেটে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের পেছনে পড়ে বাদ পড়ে গেছে সাবেক চ্যাম্পিয়নরা।
বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কা-পাকিস্তান ও শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে। দুটি খেলাই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে সাতটায়।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫২ রান করে ভারত। সেমিফাইনালে যেতে হলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অন্তত ৩২ রানের জয় প্রয়োজন ছিল তাদের। জবাবে ১৯ ওভার ৫ বলে ১৫১ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।
লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ রানেই হাশিম আমলা (০) ও জ্যাক ক্যালিসের (৬) বিদায়ে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো হয়নি। দলীয় ৪৬ রানে যুবরাজ সিংয়ের বলে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স (১৩) বোল্ড হয়ে বিদায় নিলে চাপ আরও বাড়ে।
রিচার্ড লেভির বদলে খেলতে নেমে দলকে পথ দেখান ফাফ দু পেসি। চতুর্থ উইকেটে জেপি ডুমিনির সঙ্গে ফাফের ৪৯ রানের জুটি দক্ষিণ আফ্রিকা শিবিরে স্বস্তি¡ ফেরায়। যুবরাজের বলে সুরেশ রায়নার ক্যাচে পরিণত হওয়ার আগে ৩৮ বলে ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৫ রান করেন ফাফ।
দলীয় ৯৫ রানে ফাফের বিদায়ের পর ডুমিনিও (১৬) তাকে অনুসরণ করলে সেমিফইনালে খেলার স্বপ্ন উজ্জ্বল হয়ে উঠে ভারতের। দলীয় ১০৯ রানে রবিন পিটারসন রবীচন্দ্রন অশ্বিনের বলে ক্যাচ দিলেও নো বলের সৌজন্যে বেঁচে যান। এর পর ১২০ রানের মধ্যে দক্ষিণ আফ্রিকাকে আটকানো হয়ে উঠেনি ভারতের।
বরং শেষের দিকে আলবি ও মর্নে মরকেলের আক্রমণাত্মক ব্যাটিংয়ে জয়ের আশা জাগিয়ে তুলে দক্ষিণ আফ্রিকা। কিন্তু শেষ পর্যন্ত নাটকীয়ভাবে এক রানে হেরে যায় তারা। সুপার এইটে এটি তাদের তৃতীয় হার।
ভারতের পক্ষে জহির খান ও লক্ষ্মিপতি বালাজি তিনটি করে উইকেট নেন।
এর আগে ব্যাট করতে নেমে ৩৬ রানেই প্রথম তিন ব্যাটসম্যান সাজঘরের পথ ধরায় ভারতের শুরুটা ভালো হয়নি। ১৫ বলে ২১ রান করে যুবরাজও বিদায় নিলে দশ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ৬৮/৪।
সেখান থেকে পঞ্চম উইকেটে রোহিত শর্মার (২৫) সঙ্গে ৪৪ ও ষষ্ঠ উইকেটে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির (১৩ বলে অপরাজিত ২৩) সঙ্গে রায়নার ৪০ রানের দুটি কার্যকর জুটির সৌজন্যে দেড়শ পেরোয় ভারত। রায়নার (৪৫) ৩৪ বলের ইনিংসে ৫টি চার।
দক্ষিণ আফ্রিকার পক্ষে রবিন পিটারসন ও মর্নে দুটি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩০৩ ঘ.
bdnews24