ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা ক্রিকেটার নিবন্ধনে আশাব্যঞ্জক সাড়া পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে মঙ্গলবার সকাল এগারো থেকে দুপুর ৩টা পর্যন্ত চারশর বেশি মহিলা ক্রিকেটার নিবন্ধন করেছেন।
নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করতে এসে বিসিবি সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেন, “এটা কেবল শুরু হল, এর পর থেকে প্রতিবছর শীতের সময় কার্নিভালের মতো করে এর কার্যক্রম চলবে।”
“এবার যা সাড়া পেয়েছি তাতে আমরা সন্তুষ্ট। ঢাকায় এসে সুযোগ পাওয়া যাবে না, এমন নেতিবাচক ভাবনা অনেকেরই আছে। তাদের আমরা একটি বার্তা পৌঁছে দিতে চাই- ইচ্ছে থাকলে, পরিশ্রম করার মানসিকতা থাকলে ঢাকা এসে তারাও খেলতে পারবেন,” যোগ করেন তিনি।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৪০৮ জন মহিলা ক্রিকেটার নিবন্ধিত হয়েছেন। সর্বোচ্চ ২৭৮ জন ঢাকার। বিভাগ অনুযায়ী শিগগির বাছাই কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।
তিনি বলেন, “ন্যূনতম মান থাকলে আমরা তাদের এখনই নিয়ে নেব। বাকিদের বিভাগীয় কোচের কাছে আনুষ্ঠানিকভাবে পাঠানো হবে।”
“যারা বিভিন্ন ক্লাবে বা বিভাগীয় ক্রিকেটে খেলেন তাদের এই বাছাইয়ে রাখা হবে না। তারা একটি পক্রিয়ার ভেতরে আছেন। যারা সুযোগ পান না তাদের জন্যই এই আয়োজন। একদম নতুনদের ক্রিকেটার হওয়ার সুযোগ দিতে চাই আমরা,” যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮৩৯ ঘ.
bdnews24