২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিক্টোরিয়া ও সিসিএসের সহজ জয়

মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নবম পর্বে ভিক্টোরিয়া ৬ উইকেটে ব্রাদার্স ইউনিয়নকে ও ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) ৬৮ রানে প্রাইম দলেশ্বরকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2012, 12:38 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নবম পর্বে ভিক্টোরিয়া ৬ উইকেটে ব্রাদার্স ইউনিয়নকে ও ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস) ৬৮ রানে প্রাইম দলেশ্বরকে হারিয়েছে। ভিক্টোরিয়া-ব্রাদার্স ইউনিয়ন ফতুল্ল¬ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪২ ওভার ৫ বলে মাত্র ১২৪ রানে অলআউট হয়ে যায় ব্রাদার্স। জবাবে ৩০ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ভিক্টোরিয়া। লক্ষ্য তাড়া করতে নামা ভিক্টোরিয়াকে বেশ ভালো সূচনা এনে দেয় তামিম ইকবাল ও পাকিস্তানের আসিফ জাকিরের (১২) ৪২ রানের উদ্বোধনী জুটি। দ্বিতীয় উইকেটে জহুরুল ইসলামের সঙ্গে ৫৭ রানের আরেকটি ভালো জুটি গড়েন তামিম (৪৯)। দলীয় ৯৯ রানে তামিমের বিদায়ের পর পাকিস্তানের কামরান সাজিদ (০) ও শরীফউল্ল¬াহ (৮) ব্যর্থ হলেও দলকে জিতিয়েই মাঠ থেকে ফেরেন জহুরুল। ৫৫ রানে অপরাজিত জহুরুলের ৫৮ বলের ইনিংসে ২টি চার ও ৩টি বিশাল ছক্কা। এর আগে ২০ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া ব্রাদার্স আর ঘুরে দাঁড়াতে পারেনি। পাকিস্তানের সোহেল তানভীর (৪৭), ধীমান ঘোষ (২৯) ও শাকের আহমেদ (অপরাজিত ১৫) যথাসাধ্য চেষ্টা করলেও গোপীবাগের দলটি লড়াই করার মতো সংগ্রহ গড়তে পারেনি। ২৭ রানে ৩ উইকেট নিয়ে মোশারফ হোসেন ভিক্টোরিয়ার সেরা বোলার। সাকিব আল হাসান ও আল-আমিন নিয়েছেন দুটি করে উইকেট। এটি ভিক্টোরিয়ার অষ্টম জয় আর ব্রাদার্সের ষষ্ঠ হার। সিসিএস-প্রাইম দলেশ্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৭০ রান করে সিসিএস। জবাবে পুরো ৫০ ওভার খেললেও ৯ উইকেটে ২০২ রানের বেশি করতে পারেনি প্রাইম দলেশ্বর। লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় উইকেটে মেহেদী মারুফ (২৮) ও পাকিস্তানের সাবেক উইকেট রক্ষক-ব্যাটসম্যান কামরান আকমল (২৬) ৫১ রানের জুটি গড়লেও ৯১ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় প্রাইম দলেশ্বর। এরপর অধিনায়ক নাদিফ চৌধুরী (৩৯) ও সুমন সাহা (অপরাজিত ৩৫) লড়াই করলেও লক্ষ্যের ধারে-কাছেও যেতে পারেনি তারা। ৩৬ রানে ৩ উইকেট নিয়ে রাশেদ হানিফ সিসিএসের সেরা বোলার। এর আগে অমিত মজুমদার (৮৭) ও রবিউল ইসলাম রবির (৬৫) ১২৬ রানের উদ্বোধনী জুটি দারুণ সূচনা এনে দেয় সিসিএসকে। অমিতের ১০১ বলের চমৎকার ইনিংসটি সাজানো ৯টি চার ও একটি ছক্কায়। ভালো সূচনার সঙ্গে ষষ্ঠ উইকেটে সুলেমান খান (৬০) ও জুবায়ের আহমেদের (অপরাজিত ৩০) ৮৭ রানের আরেকটি কার্যকর জুটির যোগফলে পৌনে তিন শর কাছাকাছি পৌঁছায় সিসিএস। সুলেমানের ৪৪ বলের আক্রমণাত্মক ইনিংসে ৫টি চার ও ৩টি ছক্কা। ৩৮ রানে ৪ উইকেট নিয়ে মনির হোসেন প্রাইম দলেশ্বরের সফলতম বোলার। এটি সিসিএসের তৃতীয় জয় আর প্রাইম দলেশ্বরের পঞ্চম হার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৩৪ঘ.