ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে তিন দিনের মধ্যেই প্রথম টেস্ট জিতে নিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার টেস্ট র্যাংকিংয়ের সেরা দল ইংল্যান্ডকে তারা হারিয়েছে অতি সহজে, ১০ উইকেটে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ১৩৫ রানে ৯ উইকেট হারিয়ে ফেলা ইংল্যান্ডকে ইনিংস ব্যবধানে হারের আশঙ্কা চোখ রাঙাচ্ছিলো। কিন্তু শেষ উইকেটে গ্রায়েম সোয়ান ও জেমস অ্যান্ডারসনের ২৫ রানের জুটি অতিথিদের অন্তত ঐ লজ্জায় পড়তে দেয়নি।
দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ১৬০ রানে অলআউট হয়ে যাওয়ায় পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১৫ রানের। মোহাম্মদ হাফিজ একাই করে ফেলেন ১৫ রান।
৭ উইকেটে ২৮৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করা পাকিস্তান আদনান আকমলের (৬১) অর্ধশতকের সুবাদে প্রথম ইনিংসে করে ৩৩৮ রান।
১০৭ রানে ৪ উইকেট নেয়া গ্রায়েম সোয়ান ইংল্যান্ডের সেরা বোলার। ৮৪ রানের বিনিময়ে ব্রডের শিকার ৩ উইকেট।
১৪৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ইংল্যান্ডকে শুরু থেকেই চেপে ধরেন উমর গুল। প্রথম চার ব্যাটসম্যানকেই সাঝঘরে ফেরান পাকিস্তানের ডানহাতি পেসার। বাকি ৬ উইকেট ভাগাভাগি করে নেন আব্দুর রেহমান ও সাঈদ আজমল। জোনাথন ট্রট (৪৯) ও গ্রায়েম সোয়ানই (৩৯) যা একটু লড়াই করতে পেরেছেন ব্যাট হাতে।
প্রথম ইনিংসে ৫৫ রানে ৭ উইকেট নেয়া আজমল দ্বিতীয় ইনিংসেও সফল। বৃহস্পতিবার এই অফস্পিনার ৩ উইকেট নিয়েছেন ৪২ রানে। জীবনে দ্বিতীয় বারের মতো ম্যাচে ১০ উইকেট নেয়া আজমলই এই ম্যাচের সেরা খেলোয়াড়।
আজমলের পাশাপাশি গুল (৪/৬৩) আর রেহমানও (৩/৩৭) জ্বলে ওঠায় তিন দিনের মধ্যেই ইংল্যান্ড হারের লজ্জায় নীল!
আবুধাবিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৫ জানুয়ারি থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০২৫ঘ.
bdnews24