২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার সহজ জয়

ইস্ট লন্ডনের বাফেলো পার্কে দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এ জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। মঙ্গলবার ব্লুমফন্টেইনে তৃতীয় ম্যাচে খেলবে দুদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2012, 04:50 PM

Updated : 24 Aug 2022, 10:34 AM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইস্ট লন্ডনের বাফেলো পার্কে দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এ জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা। মঙ্গলবার ব্লুমফন্টেইনে তৃতীয় ম্যাচে খেলবে দুদল। টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ অফ্রিকা। ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৩৬ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৪৮ ওভার ৪ বলে ৫ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। লক্ষ্য তাড়া করতে নেমে গ্রায়েম স্মিথ (২৮) ও হাশিম আমলার ৭৬ রানের উদ্বোধনী জুটি স্বাগতিকদের জয়ের ভিত গড়ে দেয়। অর্ধশতকে পৌঁছানোর পর আমলা (৫৫) বিদায় নিলে ৯৪ রানে দ্বিতীয় উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তৃতীয় উইকেটে জ্যাক ক্যালিসের (৩৭) সঙ্গে ৫৮, চতুর্থ উইকেটে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে (১৭) ৪১ ও পঞ্চম উইকেটে ফাফ দু প্লেসিসের সঙ্গে (১৬) ৩১ রানের জুটি গড়ে দলকে সহজ জয় এনে দেন জেপি ডুমিনি। শেষ পর্যন্ত ৬৬ রানে অপরাজিত থাকেন তিনি। শ্রীলঙ্কার পক্ষে ধাম্মিকা প্রসাদ ৩ উইকেট নেন ৪৬ রানে। এর আগে ২১ রানে দুই উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। তৃতীয় উইকেটে দিনেশ চান্দিমালের সঙ্গে উপুল থারাঙ্গার (৬৬) ৮৪ রানের জুটি প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে ভালো অবস্থানের দিকে নিয়ে যায় শ্রীলঙ্কাকে। চতুর্থ উইকেটে মাহেলা জয়াবর্ধনের (১৯) সঙ্গে ৩৫, পঞ্চম উইকেটে নুয়ান কুলাসেকারার (২২) সঙ্গে ২৪ ও ষষ্ঠ উইকেটে অ্যাঞ্জেলো ম্যাথিউসের সঙ্গে (২৮) ৭২ রানের জুটি গড়ে দলকে আড়াইশ রানের কাছাকাছি স্কোর গড়ে দেন চান্দিমাল (অপরাজিত ৯২)। দক্ষিণ আফ্রিকার পক্ষে লনওয়াবো সোতসোবে ও মর্নে মরকেল দুটি করে উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২২৪৯ ঘ.