২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেদের উজাড় করে দিতে চান মুশফিক, মাহমুদুল্লাহ

জাতীয় দলের অধিনায়ক ও সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ বলেছেন, দলকে সাফল্য এনে দিতে নিজেদের শতভাগ ঢেলে দিতে চান তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 04:15 PM

Updated : 24 Aug 2022, 04:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় দলের অধিনায়ক ও সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ বলেছেন, দলকে সাফল্য এনে দিতে নিজেদের শতভাগ ঢেলে দিতে চান তারা। মুশফিক ও মাহমুদুল্লাহ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার সন্ধ্যা সাতটায় প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশকে সাফল্যের পথে এগিয়ে নিতে চান তারা। চান একটি শক্তিশালী দল হিসেবে নিজেদের গড়ে তুলতে। অনূর্ধ্ব-১৭ ও ১৯ দলের সাবেক অধিনায়ক মুশফিক এর আগে জাতীয় দলের সহ-অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। সে অভিজ্ঞতা থেকে তিনি বলেন, "এটা একটা বড় দায়িত্ব এবং অবশ্যই কঠিন পরীক্ষা। তবে সেই সঙ্গে এটি বড় সম্মানও।" অধিনায়কত্ব দারুণ উপভোগ করেন জানিয়ে মুশফিক বলেন, "একসময় জাতীয় দলের নেতৃত্ব দেয়ার স্বপ্ন দেখতাম। এখন সে স্বপ্ন পূরণ হওয়ায় ভালো লাগছে। তবে আমি মনে করি সবার আগে দেশ, তার পর দল এবং সবার শেষে আমি। আগে আমাকে দলে থাকতে হবে, দলের স্বার্থ দেখতে হবে, তার পরে আসবে নেতৃত্ব দেয়ার বিষয়টি।" এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "জিম্বাবুয়েতে আমরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। তবে এবার কঠোর পরিশ্রম করছি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল হিসেবে ভালো খেলতে চাই।" উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে এমনিতেই তার ওপরে অনেক দায়িত্ব। এবার নেতৃত্বও পেলেন তিনি। সেটা কি বাড়তি চাপ হয়ে গেল না? এই প্রশ্নের জবাবে মুশফিক বলেন, "আমি মনে করি না আমার ওপরে বাড়তি চাপ পড়বে। বরং আগে কোনো ক্যাচ ছাড়লে বা স্টাম্পিং হাতছাড়া করলে ওটা মাথায় থেকে যেতো । কিন্তু এখন বাড়তি দায়িত্ব পাওয়ায় সেগুলো নিয়ে অত ভাবার সুযোগ পাবো না। তবে ব্যর্থতার চিন্তা না করে ভালো খেলার কথাই সব সময় মাথায় থাকবে।" মাঠের বাইরেও দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে চান মুশফিক। তিনি বলেন, "আমরা সব সময়ই সুশৃঙ্খল একটি দল। অনেকে অনেক সমালোচনা করেছেন, শৃঙ্খলা নিয়ে অনেক কথা হয়েছে। আমি মনে করি দল খারাপ করায় এসব নিয়ে এতো কথা হয়েছে। আমরা ভালো খেলে প্রমাণ করতে চাই এসব অভিযোগ ঠিক নয়। মাঠে ভালো করেই আমরা জবাব দিতে চাই।" সাবেক অধিনায়ক ও সহ-অধিনায়ক সাকিব আল হাসান ও তামিম ইকবালের দলের সঙ্গে মানিয়ে নিতে কোনো সমস্যা হবে বলে মনে করেন না নতুন অধিনায়ক। তিনি বলেন, "সাকিব ও তামিম খুব ভালো খেলোয়াড়, দলের অন্যতম সেরা খেলোয়াড়। দুজনই পেশাদার ক্রিকেটার। আমার মনে হয় না তাদের মানিয়ে নিতে কোনো সমস্যা হবে।" নিজের সময়টা খুব ভালো কাটছে। এটা দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে খুব কাজে আসবে বলে মনে করেন মুশফিক। তিনি বলেন, "একজন অধিনায়ক নিজে ভালো খেললে দলকে নেতৃত্ব দেয়া সহজ হয়। গত দু-তিন বছর ধরে আমি ধারাবাহিকভাবে ভালো খেলার চেষ্টা করছি। আশা করি কোনো সমস্যা হবে না।" দলের সবার সঙ্গে বন্ধুর মতো থাকতে চান মুশফিক। তবে কখনো দলের প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতে ইতস্তত বোধ করবেন না তিনি। তিনি বলেন, "দলের প্রয়োজনে যে কোনো সিদ্ধান্ত নিতে আমি কখনোই পিছপা হব না।" সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ ও মোহাম্মদ আশরাফুলের মতো জেষ্ঠ্য ক্রিকেটার দলে থাকায় অনেক সুবিধা হবে বলে মনে করছেন মুশফিক। তিনি বলেন, "সবাই যদি রিয়াদ ভাইয়ের (মাহমুদুল্লাহ) মতো হতো তাহলে দল পরিচালনা নিয়ে কোনো ভাবনাই থাকতো না।" মাহমুদুল্লাহও অকুণ্ঠ প্রশংসা করেছেন মুশফিকের। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "মুশফিক খুব ভালো ক্রিকেটার, ভালো ছেলে এবং সত্যিকারের নেতা।" মুশফিকের সঙ্গে অধিনায়ক হিসেবে মাহমুদুল্লাহর নামও আলোচিত হচ্ছিল। তবে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েই তিনি খুশি। অবশ্য ভবিষ্যতে দলকে নেতৃত্ব দেয়ার ইচ্ছাও আছে তার। এক প্রশ্নের জবাবে মাহমুদুল্লাহ বলেন, "দায়িত্ব পালনে নিজেকে শতভাগ উজাড় করে দেবো। তবে আমি মনে করে, প্রথমে আমি দলের খেলোয়াড়। আগে নিজের খেলা খেলতে হবে, তার পর অন্য সব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২১১ঘ.