২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার চূড়ান্ত খেলায় মুখোমুখি বাংলাদেশ ও 'এ' দল

বিসিবি কাপের শিরোপার লড়াইয়ে বাংলাদেশ এগিয়ে থাকলেও জয়ের ব্যাপারে দারুণ প্রত্যয়ী বাংলাদেশ 'এ' দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 11:13 AM

Updated : 24 Aug 2022, 04:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিসিবি কাপের শিরোপার লড়াইয়ে বাংলাদেশ এগিয়ে থাকলেও জয়ের ব্যাপারে দারুণ প্রত্যয়ী বাংলাদেশ 'এ' দল। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার দুপুর দেড়টা থেকে শুরু হতে যাওয়া চূড়ান্ত খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ ও 'এ' দল। বাংলাদেশ টেলিভিশন খেলাটি সরাসরি স¤প্রচার করবে। এবারের বিসিবি কাপে লিগ পর্বের দুই লড়াইয়ে দুবারই 'এ' দলকে হারিয়েছে বাংলাদেশ। তবে চূড়ান্ত খেলায় বাংলাদেশকে হারিয়ে প্রতিশোধ নিয়েই শিরোপা জিততে চাইছেন 'এ' দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। মঙ্গলবার জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন শুরু করার আগে মাহমুদুল্লাহ সাংবাদিকদের বলেন, "বাংলাদেশের কাছে দুটো ম্যাচেই হেরে যাওয়ায় আমাদের দলের খেলোয়াড়রা শেষ খেলায় জয় ছাড়া আর কিছুই ভাবছেন না। নিজেদের প্রমাণের জন্য খেলোয়াড়রা সবাই মুখিয়ে আছেন।" "দুই ম্যাচে আমাদের ব্যাটিং-বোলিং কোনোটাই ভালো হয়নি। সেজন্যই হারতে হয়েছে। তবে এবার আমরা ভালো ভাবে প্রস্তুত হয়ে জয়ের লক্ষ্যে মাঠে নামতে চাই," যোগ করেন তিনি। বিসিবি কাপ নিজেদের প্রস্তুত করতে সাহায্য করবে জানিয়ে মাহমুদুল্লাহ বলেন, "জিম্বাবুয়েতে দলের অনেক ব্যাটসম্যান রান পান নি। তবে বিসিবি কাপে জাতীয় দলের অনেকেই রানে ফিরেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরোয়া সিরিজে এটা দারুণ কাজে আসবে।" নিজের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট হলেও বোলিং নিয়ে একটু চিন্তিত মাহমুদুল্লাহ। তিনি বলেন, "গত দুই ম্যাচে বোলিং ভালো হয়নি। গত ম্যাচে উইকেট পাইনি। আগের ম্যাচে উইকেট পেলেও রান বেশি দিয়েছি। তবে সব মিলিয়ে নিজের খেলা নিয়ে আমি সন্তুষ্ট।" উইকেট প্রসঙ্গে মাহমুদুল্লাহ বলেন, "আমার কাছে উইকেট বেশ ভালো বলে মনে হয়েছে। এখানে ঘাস যেমন আছে তেমনি বলও ভালোই লাফিয়ে ওঠে। প্রথম দিকে বল একটু বেশি গতিশীল থাকলেও সব মিলিয়ে এখানে ব্যাট করা বেশ সহজ।" তবে এই উইকেটেই রান করতে সমস্যা হচ্ছে 'এ' দলের ব্যাটসম্যানদের। রবিকুল হাসান, জহুরুল ইসলাম ব্যর্থ হয়েছেন প্রতিটি ম্যাচে। ভালোভাবে শুরু করেও বেশি দূর যেতে পারেননি নাদিফ চৌধুরী, সগির হোসেন ও জুনায়েদ সিদ্দিক। বাংলাদেশের বিপক্ষে শতক হাকানো নাঈম ইসলামের ব্যাটের দিকেই চূড়ান্ত খেলায় তাকিয়ে থাকতে হবে মাহমুদুল্লাহকে। এর পাশাপাশি বোলাররাও হতাশ করেছেন 'এ' দলের অধিনায়ককে। বিশেষ করে রবিউল ইসলাম, ফরহাদ রেজা ও শাহাদাত হোসেন। ইলিয়াস সানিও তেমন কিছু করতে পারেন নি । বিপরীতে বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা আছেন দারুণ ছন্দে। তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল ও শাহরিয়ার নাফীস রানের মধ্যে আছেন। মুশফিকুর রহীম তো দুর্দান্ত খেলছেন। রান পাচ্ছেন অলক কাপালী আর নাসির হোসেনও। ইমরুল কায়েস ও শুভাগত হোম চৌধুরী ছাড়া আর সবার ব্যাট থেকে রান আসছে বলে প্রতি ম্যাচেই লড়াই করার মতো পুঁজি পাচ্ছেন বোলাররা। বোলাররাও ভালো করছেন। আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন ও নাজমুল হোসেন প্রয়োজনের সময় উইকেট নিয়ে দলকে সহজ জয় এনে দিচ্ছেন। শফিউল ইসলাম ও সোহরাওয়ার্দী শুভর কাছ থেকেও ভালো সহায়তা পাচ্ছেন তারা। 'এ' দলের সঙ্গে লিগ পর্বের শেষ ম্যাচে ৪ উইকেট নিয়ে বাংলাদেশকে জয় পেতে দারুণ সাহায্য করেছেন নাসির হোসেন। সব কিছুর যোগফলে বিসিবি কাপের ফাইনালে বাংলাদেশকেই এগিয়ে রাখতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭০৪ঘ.