ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাল্লেকেলে টেস্ট বাঁচাতে লড়ছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ দুই ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে।
রোববার চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় পালায় শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ২২৩ রান। এক প্রান্তে সাঙ্গাকারা ৬৯ ও অন্য প্রান্তে জয়াবর্ধনে ৩৮ রানে ব্যাট করছেন। এখনো ১৪ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। হাতে রয়েছে ৮ উইকেট।
এর আগে নিজেদের প্রথম পালায় ১৭৪ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৭ উইকেটে ৪১১ রান করে নিজেদের প্রথম পালা ঘোষণা করে অস্ট্রেলিয়া। এতে ২৩৭ রানে এগিয়ে থাকে সফরকারীরা।
প্রথম পালায় ব্যর্থ হলেও দ্বিতীয় পালায় স্বাগতিকদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে পথ দেখান থারাঙ্গা পারানাভিতানা ও অধিনায়ক তিলকারতেœ দিলশান। দেখেশুনে ব্যাট করে ৮১ রানের উদ্বোধনী জুটি গড়ে দিলশান (৩৬) বিদায় নিলেও অবিচল ছিলেন পারানাভিতানা।
দ্বিতীয় উইকেট জুটিতে পরানাভিতানা ও সাঙ্গাকারা যোগ করেন আরো ৪৭ রান। নিজের অর্ধশতকে পৌঁছেই পারানাভিতানা (৫৫) বিদায় নিলে দিনের দ্বিতীয় সাফল্য পায় অস্ট্রেলিয়া। তিনি তার ১৪৩ বলের ইনিংসটি সাজান ৬টি চার দিয়ে।
সাঙ্গাকারা ও জয়াবর্ধনের সতর্ক ব্যাটিং এর পর অস্ট্রেলিয়ার হতাশা আরো বাড়িয়েছে। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে ৯৫ রান যোগ করে দলকে বেশ ভালো অবস্থানে নিয়ে যান তারা।
সাঙ্গাকারার ১৫৮ বলের ইনিংসে ৮টি চার রয়েছে। জয়াবর্ধনে তার ৯৯ বলের ইনিংসটি সাজান ৩টি চার দিয়ে।
অতিরিক্ত খাত থেকে ২৫ রান দিয়েছে অস্ট্রেলিয়া। বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে চতুর্থ দিন খেলা হয় ৭৯ ওভার।
অস্ট্রেলিয়ার পক্ষে একটি করে উইকেট নেন রায়ান হ্যারিস ও মাইক হাসি।
প্রথম টেস্ট জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮১৯ ঘ.
bdnews24