ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে মোকাবেলা করার আগে পূর্ণ প্রস্তুতি নিতে চান বাংলাদেশের কোচ স্টুয়ার্ট ল।
দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও ৩ অক্টোবর বাংলাদেশে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার তিনি বলেন, "প্রস্তুতি নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে মোকাবেলা করতে চাই। একদিনের সিরিজের প্রস্তুতি নেয়ার জন্য বিসিবি কাপ রয়েছে। এছাড়া তারা আসার আগেই চারদিনের প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে। দেশের মাটিতে খেলার সুবিধা কাজে লাগানোর চেষ্টা করবো।"
জিম্বাবুয়ে সফরের মূল্যায়ন করতে গিয়ে বলেন, "জিম্বাবুয়েতে আমাদের শুরুটা ভালো হয়নি। আমরা যেভাবে খেলতে চেয়েছিলাম সেভাবে খেলতে পারিনি। যা খেলেছি তার ছাপ ফলাফলে পড়েনি। তবে শেষ দুটি একদিনের ম্যাচে আমরা ফিরে আসি। সিরিজের শেষটা ভালো ছিল।"
তিনি বলেন, "দীর্ঘ দিন পর টেস্ট খেলতে নামায় তার ছাপ পড়ে খেলায়। বোলারদের ছন্দ পেতে বেশ দেরি হয়। টেস্ট মেজাজে ফিরতে ব্যাটসম্যানদের বেশ ভুগতে হয়েছে। মৌসুমী বৃষ্টির কারণে এখানে আমাদের প্রস্তুতি ততটা ভালো হয়নি।"
"প্রস্তুতি ম্যাচগুলোও ঠিকভাবে খেলা যায়নি। তবে এগুলো কোনো অজুহাত হতে পারেনা। আমরা ভালো খেলতে পারিনি তাই হারতে হয়েছে," তিনি যোগ করেন।
তবে দলের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন নাসির হোসেন ও শুভাগত হোম চৌধুরীর উঠে আসা। তিনি বলেন, "নতুন খেলোয়াড় জিম্বাবুয়েতে ভালো খেলেছেন। পুরো দল জিম্বাবুয়েতে ভালো করার চেষ্টা করেছে। তবে আরো উন্নতির সুযোগ রয়েছে।"
দলের ক্রিকেটার শৃঙ্খলা নিয়ে গত কয়েকদিন ধরে অনেক আলোচনা-সমালোচনা হলেও ল দাঁড়িয়েছেন ক্রিকেটারদের পাশে। তিনি বলেন, "মাঠে খেলোয়াড়রা খুবই সুশৃঙ্খল। ড্রেসিংরুমে তাদের আচরণ ভালো। তবে উন্মুক্ত আলোচনায় কিছু কথা হতেই পারে। সেখানে প্রত্যেকের আলাদা মতামত থাকে। আমি সবে চার সপ্তাহ হয় কাজ শুরু করেছি। এখনো হয়তো ততটা যোগাযোগ তৈরি হয়নি।"
দলের সিনিয়র সদস্য মোহাম্মদ আশরাফুল সম্পর্কে তিনি বলেন, "তিনি বেশ ভালো ব্যাট করেছেন। বুলাওয়ে টেস্টে তিনি দারুণ শুরু করেও শতক পাননি। কিন্তু তার ৭৩ রানের ইনিংস আমাদের বড় বিপদ থেকে বাঁচায়। তিনি ভালো করার জন্য সম্ভাব্য সবকিছু করছেন। তার এখন একটি বড় ইনিংস খেলা প্রয়োজন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিএ/১৯৪৬ ঘ.
bdnews24