ঢাকা, সেপ্টেম্বর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জিম্বাবুয়ের বিপক্ষে ৭ উইকেটে জিতেছে পাকিস্তান।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে একমাত্র টেস্টের প্রথম পালায় জিম্বাবুয়ে করে ৪১২ রান। ৪৬৬ রান করে এর জবাব দেয় পাকিস্তান। কিন্তু দ্বিতীয় পালায় জিম্বাবুয়ে মাত্র ১৪১ রানে গুটিয়ে গেলে পাকিস্তানের জয়ের লক্ষ্য দাঁড়ায় ৮৮। দ্বিতীয় পালায় খেলতে নেমে মাত্র তিন উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।
ব্যাট করতে নেমে ছোট লক্ষ্য তাড়া করতে কোনো অসুবিধা হয়নি পাকিস্তানের। যদিও এই ৮৮ রান তুলতেই তিন উইকেট হারিয়ে বসে তারা।
উদ্বোধনী ব্যাটসম্যান হাফিজ করেন ৩৮ রান। ২২ রান করেন আজহার আলি।
শেষ পর্যন্ত ইউনুস খান ১৪ ও অধিনায়ক মিসবাহ উল হক ৬ রানে অপরাজিত ছিলেন।
এই তিনটি উইকেটের মধ্যে দু'টি নেন রে প্রাইস ৩৫ রানে।
জিম্বাবুয়ে ৮ উইকেটে ১৩৫ রান নিয়ে সোমবার দিনের খেলা শুরু। কিন্তু দলের সঙ্গে আর কোনো রান যোগ না হতেই বিদায় নেন আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান তাতেন্দা তাইবু। ফলে তাতেন্দার ব্যক্তিগত রান যা ছিল, তাই রয়ে যায়।
আইজাজ চিমার বলে উইকেটের পেছনে আদনান আকমলের হাতে ধরা পড়ার আগে ৫৮ রান করেন তিনি। তার ১৩১ বলের ইনিংসে চার রয়েছে পাঁচটি ও ছক্কা একটি।
দলের সঙ্গে যে ৬ রান যোগ হয়, তার মধ্যে ৫ রানই আসে আগের দিনের অপর অপরাজিত ব্যাটসম্যান কাইল জার্ভিসের ব্যাট থেকে। শেষ পর্যন্ত ২৫ রানে অপরাজিত থাকেন তিনি। জার্ভিস দিনের খেলা শুরু করেন ২০ রান নিয়ে। তিনি তার ৮১ বলের ইনিংসটি সাজান চারটি চার দিয়ে।
পাকিস্তানের পক্ষে চারটি করে উইকেট নেন চিমা ও মোহাম্মদ হাফিজ। এ জন্য চিমা দেন ২৪ রান ও হাফিজ দেন ৩১।
এখন তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে দল দু'টো। প্রথমটি হবে ৮ সেপ্টেম্বর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/১৬৫৪ ঘ.
bdnews24